নিজস্ব প্রতিবেদক।।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এবার সাশ্রয়ী মূল্যে ডাটা প্যাক দেবে নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। সোমবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং বাংলালিংকের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এবং বাংলালিংকের ইন্টারপ্রাইজ বিজনেসের পরিচালক রুবাইয়াত এ তাজনীন চুক্তিতে স্বাক্ষর করেন।
মাসিক ভিত্তিতে ১০ জিবি, ১৫ জিবি ও ৩০ জিবির তিনটি প্যাকেজে বাংলালিংকের ডাটা সুবিধা পাবেন ব্যবহারকারী। শিক্ষক ও শিক্ষার্থীরা বিডিরেনের প্লাটফর্ম ব্যবহার করে অনলাইন শিক্ষা কার্যক্রমে যুক্ত থাকতে পারবেন।
সভায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর কাজী শহীদুল্লাহ বলেন, আকর্ষণীয় ডাটা অফারের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন। বাংলালিংক এ উদ্যোগে এগিয়ে আসার মাধ্যমে ব্যবহারকারী এখন পছন্দমতো ডাটা প্যাক ব্যবহার করতে পারবেন। তিনি বাংলালিংকসহ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানসমূহকে করোনাভাইরাস পরবর্তী সময়ে সাশ্রয়ী মূল্যে বিশেষ ডাটা প্যাক অব্যাহত রাখার আহ্বান জানান।
বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার তাইমুর রহমান বলেন, মহামারীর শুরু থেকেই শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো ডিজিটাল উদ্যোগের মাধ্যমে সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে।
ইউজিসির সঙ্গে এই চুক্তি শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ডাটা প্যাকেজ ব্যবহারের সুযোগের মাধ্যমে তাদের ঘরে থেকে শিক্ষাকার্যক্রম চালিয়ে যেতে সহযোগিতা করবে।
উল্লেখ্য, শিক্ষার্থী ও শিক্ষকদের অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখতে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা প্রদান করার জন্য গ্রামীণফোন লিমিটেড ও রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে ইউজিসি চুক্তি স্বাক্ষর করে।
এছাড়া, টেলিটক বাংলাদেশ লিমিটেড নামমাত্র খরচে ইন্টারনেট সেবা প্রদান করছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
