নিজস্ব প্রতিবেদক।।
দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩১২ জনে। সোমবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ২ হাজার ১৮৩ জনের।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ১ হাজার ১৬৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৯ হাজার ৬৯৪ জন। মারা যাওয়া ৩২ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও ৯ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩০ জন, বাড়িতে ২ জন।
বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৫ জন, চট্টগ্রামে ৮ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ১ জন, বরিশালে ৩ জন, সিলেটে ৩ জন ও রংপুরে ১ রয়েছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬০ বছরের ওপরে ২১ জন রয়েছেন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর দেশে আক্রান্ত রোগীর সংখ্যা তিন লাখ অতিক্রম করে গত ২৬ আগস্ট এবং মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যায় ৪ নভেম্বর।
এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু হয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী সোমবার (২১ ডিসেম্বর) সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৯২ হাজার ৫৭৮ জনে।
জেএইচইউ এর তথ্য অনুযায়ী, করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৬৭ লাখ ৮৭ হাজার ৭৮১ জনে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত এক কোটি ৭৮ লাখ ৮৪ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট ৩ লাখ ১৭ হাজার ৬৬৭ জন মৃত্যুবরণ করেছেন। বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্র দুটি করোনার ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দিয়েছে। ফাইজারের পর গত সপ্তাহে মর্ডানার ভ্যাকসিনও অনুমোদন দেয় দেশটির কর্তৃপক্ষ।
পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে এবং মৃত্যু নিয়ে আছে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।
ভারতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩১ হাজার ছড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৪৭৭ জনের। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৭২ লাখ ৩৮ হাজারেরও বেশি এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৭৬৪ জনের।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
