নিজস্ব প্রতিবেদক।।
আগামী জানুয়ারি থেকেই ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের ‘এ’ লেভেল পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। করোনা সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন কঠোরভাবে অনুসরণ করে পরীক্ষা আয়োজন করতে হবে ব্রিটিশ কাউন্সিলকে। তবে পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হলে এর দায় ব্রিটিশ কাউন্সিলকে বহন করাসহ কয়েকটি শর্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২০ ডিসেম্বর) এই অনুমোদন দিয়ে ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশি পরিচালককে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এই বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক) মোমিনুর রশিদ আমিন এই তথ্য জানিয়েছেন।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইছমত উল্লাহ স্বাক্ষরিত অনুমতিপত্রে ৪ দফা শর্তে এ লেভেল ও জিসিএসই পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
শর্তগুলো হলো-
১। স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্যবিধি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন কঠোরভাবে অনুসরণ করতে হবে।
২। সারা দেশের ৩৫টি ভেন্যুতে প্রতিদিন ১ হাজার ৬০০ পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পরীক্ষার হলে প্রতিজন শিক্ষার্থীকে ৬ ফুট দূরে দূরে বসানোর ব্যবস্থা করতে হবে।
৩। পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় সরকার পরীক্ষা নেওয়ার অনুমতি বাতিল করতে পারবে।
৪। কোনো শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার দায় ব্রিটিশ কাউন্সিলকে নিতে হবে।
প্রসঙ্গত, জানুয়ারি মাস থেকেই এ লেভেল পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ব্রিটিশ কাউন্সিল। জানুয়ারি মাস থেকে পরীক্ষা শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ের গত ৮ ডিসেম্বর আবেদন করেছিল সংস্থাটি। যদিও শিক্ষার্থীরা করোনা মহামরির মধ্যে পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আসছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
