এইমাত্র পাওয়া

এখনো স্বপদে বহাল রাবি রেজিস্ট্রার, তোপের মুখে উপাচার্য

নিউজ ডেস্ক।।

শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনার পরও রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারীকে অব্যাহতি না দেয়ায় শিক্ষকদের আপত্তির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষা কমিটির সভা স্থগিত করা হয়েছে।

সভায় উপস্থিত একাধিক শিক্ষক জানান, সকাল ১০টায় ভর্তিপরীক্ষা কমিটির সভা শুরু হলেই রেজিস্ট্রারকে নিয়ে প্রশ্নের মুখে পড়েন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

প্রথমে প্রশ্ন তুলেছিলেন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সুলতান উল ইসলাম। পরে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক খলিলুর রহমান, জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ড. এনামুল হকসহ অন্যান্য সদস্যরা বিষয়টি নিয়ে আপত্তি তুলেন।

ভর্তি কমিটির সদস্য ও মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এনামুল হক বলেন, সরকারি নির্দেশনায় রেজিস্ট্রারকে অব্যাহতি দেয়া হলেও ভর্তিপরীক্ষা কমিটির সভায় রেজিস্ট্রার উপস্থিত ছিলেন। আমরা ঐক্যবদ্ধভাবেই উপাচার্যকে বলেছি সরকারি নির্দেশনা থাকলেও রেজিস্ট্রারকে অব্যাহতি দেওয়া হয়নি। তার উপস্থিতিতে আমরা সভা করবো না। যদি তাকে নিয়ে সভা করতে চান তাহলে আমরা সভা থেকে বের হয়ে যাবো।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের ওই সভায় কমিটির প্রায় ৬০ সদস্য উপস্থিত ছিলেন। ভর্তিপরীক্ষা কমিটির সদস্যদের মধ্যে এক দুইজন বাদে সবাই বলেছেন, তাকে অব্যাহতি দেওয়ার পর ভর্তি পরীক্ষা কমিটির সভা আয়োজন করতে হবে।

সভায় উপস্থিত থাকা বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক ড. সুলতান উল ইসলাম বলেন, সদস্যদের আপত্তির মুখেও উপাচার্য কিছুতেই রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারীকে রেখে সভা করতে রাজি ছিলেন না। উল্টো যুক্তিতর্ক দেওয়া শুরু করেন তিনি। তখন বাড়ি দখলে রেখে সরকারের আর্থিক ক্ষতি করার বিষয়টি তুলে আমরা তার উপস্থিতিতে সভা করবো না বলে জানাই। এই পরিপ্রেক্ষিতে আপনি সিদ্ধান্ত নিবেন কি করবেন।

তিনি সভায় বলেন, উপাচার্য অন্যান্য চিঠি আসলে তড়িঘড়ি করে সিন্ডিকেট ডাকেন ছুটির দিনে। নিয়োগ বোর্ডও তড়িঘড়ি বসাতে পারেন। তবে রেজিস্ট্রারের অব্যাহতির ক্ষেত্রে সিন্ডিকেট ডাকতে পারেননি এই অজুহাত দিচ্ছেন। তার মানে এটি আপনার অনিচ্ছার জন্যই হচ্ছে না। তাই আপনার সাথেও আমরা সভা করতে পারবো না।

এরপর উপস্থিত শিক্ষকদের সবার আপত্তির মুখে সভাটি ১০.৪০ মিনিটে স্থগিত করতে বাধ্য হন উপাচার্য।

শিক্ষকরা দাবি জানিয়েছেন, নির্দেশনা মোতাবেক অধ্যাপক এম এ বারীকে অব্যাহতি দিলে যেকোনো সময় ভর্তিপরীক্ষা কমিটির সভা আয়োজন করতে পারে কর্তৃপক্ষ। অর্থাৎ রেজিস্ট্রারকে অব্যাহতি না দিলে ভর্তি কমিটির সভা হবে না বলেই জানান শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমানও সভা স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তিনি সভা বন্ধ হওয়ার কোনো কারণ বলেননি। পরবর্তী সভা কবে হবে সে সম্পর্কেও জানাতে পারেননি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.