ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক বিষ্ণু কুমার অধিকারীকে দুইটি কোর্স থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
বুধবার বিকেলে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবুল হাসান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক আবুল হাসান চৌধুরী বলেন, মঙ্গলবার চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী লিখিত অভিযোগ দেয়ার পর দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী মৌখিক অভিযোগ দেন। অভিযুক্ত শিক্ষকের দুটি বর্ষের কোর্স রয়েছে। পরীক্ষার ফলাফলে যাতে এর কোনো প্রভাব না পড়ে তাই ওই কোর্স দুটি থেকে বিষ্ণু কুমারকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
জানা গেছে, অভিযোগের সত্যতা যাচাইয়ে ইনস্টিটিউটের পরিচালককে সভাপতি করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির অগ্রগতির বিষয় জানতে চাইলে আবুল হাসান চৌধুরী বলেন, আগামী মাসের শুরুর দিকে ইনস্টিটিউটের সব বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে। তাই বিভাগে কাজের চাপ রয়েছে। তবে যতদ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেয়ার চেষ্টা করছি।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীর বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ জমা দেন ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী এবং মৌখিক অভিযোগ করেন দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী। কিন্তু শুরু থেকেই বিষয়টি অস্বীকার করে আসছেন বিষ্ণু কুমার অধিকারী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
