নিউজ ডেস্ক।।
শেষ হতে চলেছে নানা ঘটন-অঘটনের সাক্ষী ২০২০ সাল। আর কিছু দিন পরই নতুন বছরে পদার্পণ করবে পুরো বিশ্ব। তার আগেই ওডিআই ফরম্যাটে সেরাদের তালিকা প্রস্তুত করতে শুরু করেছে ক্রিকেট বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট। সেই তালিকাতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। অথচ বছরজুড়ে মাত্র তিনটি ওডিআই ম্যাচ খেলেছেন তারা।
বৈশ্বিক করোনা মহামারির কারণে এ বছর সব দলই কম ম্যাচ খেলেছে। এর মধ্যে বাংলাদেশ খেলেছে মাত্র তিনটি ওডিআই ম্যাচ। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে তড়িঘড়ি করে আয়োজিত সিরিজটি খেলা হয়েছে। এ ছাড়া আয়ারল্যান্ডের সঙ্গে একটি সিরিজ হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়। অবশ্য বাংলাদেশের আরো সিরিজ ছিল। কিন্তু সেগুলো টেস্ট ও টি-টোয়েন্টি।
এই তিন ম্যাচ খেলেই বেশ কয়েকটি বিভাগে সেরা হয়েছেন দেশ সেরা দুই ওপেনার। এর মধ্যে ২০২০ সালের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি লিটন কুমার দাসের। গত ৬ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে তার রেকর্ড গড়া ১৭৬ রানের ইনিংসটির পরই দ্বিতীয় অবস্থানে আছে তামিম ইকবালের ১৫৮ রানের ইনিংসটি। বিশ্বের আর কোনো ব্যাটসম্যানই এ বছর এত রান করতে পারেনি।
এ ছাড়া ব্যাটিং গড়ের দিক দিয়েও সেরা পাঁচের মধ্যে তারা দুই জন আছেন। ওই সিরিজে লিটন করেছিলেন ৩১১ রান এবং তামিম করেছিলেন ৩১০ রান। উভয়ের গড় দেড় শ ছাড়ানো। এর মধ্যে তামিমের গড় ১৫৫.০ এবং লিটনের ১৫৫.৫০। এ তালিকায় সবার ওপরে আছেন দক্ষিণ আফ্রিকার হেইনরিখ ক্ল্যাসেন। ৩ ম্যাচে ২৪২ রান করা এই ব্যাটসম্যানের গড়ও ২৪২। আর দুই এবং তিন নম্বরে আছেন যথাক্রমে ডেভিড মিলার ও ওমানের মোহাম্মদ নাদিম।
জুটির দিক দিয়েও বর্ষসেরা তামিম-লিটন। দুজনের ২৯২ রানের পার্টনারশিপ এখন পর্যন্ত ২০২০ সালের সর্বোচ্চ। অবশ্য এ বছর আর কোনো দেশের ওডিআই ম্যাচ না থাকায় তারা দুজনই সেরা থাকছেন। তালিকায় এর পরের অবস্থানেই আছে জানুয়ারিতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ-ডেভিড ওয়ার্নার জুটির ২৫৮ রান।
আর মোট রানের দিক দিয়ে সবার ওপরে আছেন ১৩ ইনিংসে ৬৭৩ রান করা অ্যারন ফিঞ্চ। পরবর্তী অবস্থানগুলো যথাক্রমে স্টিভেন স্মিথ (১৩ ইনিংসে ৫৬৮), মারনাশ লাবুশেন (১৩ ইনিংসে ৪৭৩), ডেভিড ওয়ার্নার (১৩ ইনিংসে ৪৬৫), লোকেশ রাহুল (৯ ইনিংসে ৪৪৩) বিরাট কোহলি (৯ ইনিংসে ৪৩১), ওমানের আকিব ইলিয়াস, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, ভারতের শ্রেয়াস আয়ার, লিটন কুমার দাস ও তামিম ইকবাল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
