নিজস্ব প্রতিনিধি।।
এ বছর দেশের সিনেমা ও সিনেমা হলের অবস্থা ছিল শোচনীয়। করোনার প্রভাবে অনেকদিন শুটিং বন্ধ ছিল। সবকিছু স্বাভাবিক হওয়ার পর শুরু হয় শুটিং। কিন্তু সমস্যা তৈরি হয় সিনেমা মুক্তি নিয়ে। সিনেমা হল খোলার ঘোষণা দিলেও নতুন সিনেমা মুক্তি দিতে নারাজ প্রযোজকরা। এ নিয়ে প্রযোজক ও হল মালিকদের মধ্যে এক দ্বন্দ্বও তৈরি হয়। কারণ মুুক্তির তালিকায় অনেকগুলো সিনেমা থাকলেও করোনার এই সময় সিনেমা মুক্তি দিয়ে লোকসান গুনতে চান না প্রযোজকরা। এই অবস্থার মধ্যে আজ মুক্তি পাচ্ছে দুটি সিনেমা ‘বিশ্ব সুন্দরী’ ও ‘রূপসা নদীর বাঁকে’।
সারাদেশের ২৫টি প্রেক্ষাগৃহে চলবে ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটি। চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম সিনেমা এটি। সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন রুম্মান রশীদ খান।
চয়নিকা চৌধুরী বলেন, ‘প্রথম সিনেমা হিসেবে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসের মাত্রাটা অনেক। দীর্ঘদিন নাটকের মাধ্যমে দর্শকদের ভালোবাসা পেয়েছি। একজন নির্মাতা হিসেবে দর্শকরা সবসময় আমাকে যে সাপোর্ট দিয়েছেন তার প্রতিদান আমি কাজ দিয়ে দেওয়ার চেষ্টা করেছি সবসময়। এবার প্রথম সিনেমা নিয়ে আসছি। আশা করি দর্শকদের আস্থা ধরে রাখবে ‘বিশ্বসুন্দরী’। করোনার কারণে দর্শকরা হল কেন্দ্রিক বিনোদনের শূন্যতা তৈরি হয়েছে। সেই জায়গাটা পূরণ হবে আশা করি। দর্শকরা পূর্ণ বিনোদন নিয়ে হল থেকে বের হবে বিশ্বাস করি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিনেমাটি দেখার জন্য। তবে অবশ্যই স্বাস্থ্যবিধির বিষয়টি সবাই নজরে রাখবেন।’
‘বিশ্বসুন্দরী’ সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন সিয়াম ও পরীমনি। এ জুটির প্রথম সিনেমা এটি। সিয়াম-পরী ছাড়াও এতে আরো অভিনয় করেছেন চম্পা, আলমগীর, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, খালেদ হোসাইন সুজন প্রমুখ। এদিকে সিনেমাটি মুক্তি উপলক্ষে প্রচারে ব্যস্ত সময় পার করছে টিম। এরইমধ্যে ইউটিউবে প্রকাশ হয়েছে সিনেমার দুটি গান ও ট্রেলার। তার মধ্যে ‘তুই কী আমার হবি রে’ গানটি বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে।
অন্যদিকে তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রূপসা নদীর বাঁকে’ ছবিটি সিনেমা হলে মুক্তির পাশাপাশি দেখা যাবে পাবলিক লাইব্রেরিতে। পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ১১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রদর্শনীর সময়সূচি হচ্ছে প্রতিদিন বিকেল ৩টা, বিকেল ৫টা ৩০ মিনিট ও রাত ৮টা। এছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সকাল ১১টায় একটি বাড়তি শো অনুষ্ঠিত হবে।
রূপসা নদীর বাঁকে’র কাহিনি একজন ত্যাগী বামপন্থী নেতাকে নিয়ে যাকে ১৯৭১ সালে রাজাকাররা হত্যা করেছিল। ২ ঘণ্টা ১৭ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন তানভীর মোকাম্মেল। এতে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, উত্তম গুহ, মাসুম বাশার, আবদুল্লাহ রানা প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
