এইমাত্র পাওয়া

গোপালপুরে ক্যামফোর্ড শিক্ষা পরিবারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
গোপালপুর ও ভূঞাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করেছে ক্যামফোর্ড শিক্ষা পরিবার। শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে গোপালপুর স্বাধীনতা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।

ক্যামফোর্ড স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মোস্তফা কামালের সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে জানানো হয়, ক্যামফোর্ড শিক্ষা পরিবারের উদ্যোগে গোপালপুর ও ভূঞাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এতে প্রায় ১ হাজার ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে গোপালপুর উপজেলায় ১ হাজার ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সূতী ভি.এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৫৫০ জন শিক্ষার্থী ভূঞাপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে।
আয়োজকরা জানান, ২০১৫ সালে ক্যামফোর্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। পরে ২০২৩ সালে প্রতিষ্ঠানের পরিচালক মোস্তফা কামাল টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কাহেতা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথম বৃত্তি পরীক্ষা চালু করেন। অল্প সময়ের ব্যবধানে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়ায় কার্যক্রমটি ভূঞাপুর উপজেলাতেও সম্প্রসারিত হয়।

গত ১৫ নভেম্বর ২০২৫ শনিবার গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুটি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ শতাংশকে ট্যালেন্টপুল এবং ১০ শতাংশকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়। মোট ৩৫০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া সম্মিলিত মেধা তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের কম্পিউটার উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও বদলিজনিত কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তার পরিবর্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ঈসা মুনিম, আলহাজ ছানোয়ার হোসেন, ভিপি শাহজাহান আলী, গোপালপুর আলিয়া মাদ্রাসার সভাপতি মো. রাহীম তালুকদার মারুফ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ মো. জোবায়েরুল হক আমিন, সূতী ভিএম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, যুবদল আহ্বায়ক মো. সাইফুল ইসলাম তালুকদার লেলিন, শহর বিএনপির সভাপতি মো. খালিদ হাসান উথান প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুল হক, কারিগরি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, বিএমজিটিএ সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী, জিকেডি সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, গোপালপুর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো. শাহানুর আহমেদ সোহাগসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. মোস্তফা কামাল বলেন, “শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে উৎসাহিত করতেই এই বৃত্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, “ক্যামফোর্ড শিক্ষা পরিবারের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। শিক্ষার্থীদের নীতি-নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

প্রধান আলোচক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম বলেন, “এ ধরনের বৃত্তি প্রদান অনুষ্ঠান শিক্ষার্থীদের উৎসাহিত করে। ক্যামফোর্ড শিক্ষা পরিবারের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএমজিটিএ জেলা সভাপতি ও ক্যামফোর্ড গোপালপুর-ভূঞাপুর বৃত্তি পরিচালনা কমিটির সদস্য সহকারী অধ্যাপক কে. এম. শামীম।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.