স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি শীর্ঘই

নিউজ ডেস্ক।।

সরকারি-বেসরকারি বিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ২০২১ শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে ভর্তি করা হবে।

শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করতে ইতোমধ্যে নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আগামীকাল সেটি বিজ্ঞপ্তি আকারে জারি করা হতে পারে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর থেকে জানা গেছে।

প্রথম থেকে অষ্টম শ্রেণির ভর্তি নীতিমালা চূড়ান্ত হয়েছে। নীতিমালায় লটারিতে স্বচ্ছতায় বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। ভর্তির ক্ষেত্রে অনিয়ম এড়াতে তিন স্তরের কমিটি কাজ করবে। স্কুলের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি আলাদাভাবে ভর্তি প্রক্রিয়া দেখভাল করবেন।

নীতিমালায় বলা হয়েছে, বেসরকারি উচ্চ বিদ‌্যালয়ে ভর্তি ফরমের মূল্য চলতি শিক্ষাবর্ষের মতোই ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। করোনার কারণে শিক্ষার্থীদের টিউশন ফি বাড়ানো হয়নি। ঘোষিত শূন্য আসনের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না। নির্ধারিত টিউশন ফির বেশি আদায় করা যাবে না। এবার বার্ষিক পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পর শূন্য আসন ঘোষণা করে ভর্তি কমিটির কাছে তালিকা জমা দিতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিটি করপোরেশন ও জেলা শহরের শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে না। অনলাইনে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আবেদন ফরম বিতরণের পর অন্তত সাত কার্যদিবস সময় দিতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ওয়েবসাইট তৈরি করে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ ও লটারির ফল প্রকাশ করবে। এ ফল এক বছর স্কুলে সংরক্ষণ করতে হবে। প্রয়োজনে আবেদন ফরম জমা নেওয়ার সময় ফরমের নিচের অংশ ক্রমিক নম্বর দিয়ে শিক্ষার্থীদের ফেরত দিতে হবে।

ঢাকা মেট্রোপলিটন এলাকার এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত এবং এমপিওবহির্ভূত শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন ফরমের দাম ২০০ টাকা। সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকুল্যে মফস্বল এলাকায় ৫০০ টাকা, পৌর (উপজেলা) এলাকায় ১ হাজার টাকা, পৌর (জেলা সদর) এলাকায় ২ হাজার টাকা, ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকার বেশি হবে না।

ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ৫ হাজার টাকার অতিরিক্ত অর্থ আদায় করতে পারবে না। ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত আংশিক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং এমপিওবহির্ভূত শিক্ষকদের বেতন-ভাতা দিতে শিক্ষার্থী ভর্তির সময় মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফিসহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার টাকা এবং ইংরেজি মাধ্যমে ১০ হাজার টাকা নিতে পারবে।

এ বিষয়ে মাউশির পরিচালক (বিদ্যালয়) বেলাল হোসেন মঙ্গলবার বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে ভর্তি নীতিমালায় লটারিসহ কয়েকটি বিষয় যুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটি চূড়ান্ত হয়েছে। আগামীকাল সেটি পেলে সরকারি-বেসরকারি বিদ্যালয়ে ভর্তি শুরু করতে বিজ্ঞপ্তি জারি করা হবে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.