নিউজ ডেস্ক।।
বাণিজ্য সুবিধা বৃদ্ধির জন্য বাংলাদেশের সঙ্গে পিটিএ বা এফটিএ স্বাক্ষর করেছে প্রতিবেশি রাষ্ট্র ভুটান। এই চুক্তির ফলে বাংলাদেশর ১০০টি পণ্য ভুটানের বাজারে এবং ভুটানের ৩৪টি পণ্য এদেশে শুল্কমুক্ত সুবিধা পাবে। সরকার আগামীতে আরো ১১টি দেশের সঙ্গে পিটিএ স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
৫ ডিসেম্বর, শনিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে ভুটানের সঙ্গে বাংলাদেশের পিটিএ স্বাক্ষর উপলক্ষে মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদসম্মেলনে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
এ বিষয়ে টিপু মুনশি বলেন, ২০২৪ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হবে। ফলে উন্নত ও উন্নয়নশীল দেশ থেকে স্বল্পোন্নত দেশ হিসেবে বর্তমানে প্রাপ্ত বাংলাদেশের কিছু বাণিজ্য সুবিধা লোপ পাবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয় বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের অংশীদারিত্ব বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করেছে। এটি বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি। চুক্তিটি স্বাক্ষরের পর বাংলাদেশ ভুটানের বাজারে মোট ১০০টি পণ্যে এবং ভুটান বাংলাদেশের বাজারে মোট ৩৪টি পণ্যে শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে।
মন্ত্রী আরো বলেন, পরে আলোচনার মাধ্যমে আরো পণ্য দুই দেশের তালিকায় সংযুক্ত করা হবে। এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের দ্বিপাক্ষিক পিটিএ বা এফটিএ স্বাক্ষরের যাত্রা শুরু হবে।
জানা গেছে, ভুটানের পর থাইল্যান্ডের সঙ্গেও মুক্ত বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আরো ১৭টি দেশের সঙ্গে এই চুক্তি করার জন্য আলোচনা চালাচ্ছে সরকার। দেশগুলো হলো- ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে, শ্রীলংকা, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ফিলিস্তিন, ব্রাজিল, চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব ও মালয়েশিয়া। এ কারণে এফটিএ শাখাকে শক্তিশালী করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
আগামী ৬ ডিসেম্বর, রবিবার সকালে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ চুক্তি স্বাক্ষরিত হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং ভার্চুয়াল সংযোগের মাধ্যমে এতে অংশগ্রহণ করবেন। এই চুক্তিতে বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং ভুটানের পক্ষে ভুটানের ইকোনমিক অ্যাফেয়ার্স মিনিস্টার স্বাক্ষর করবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
