এইমাত্র পাওয়া

ছাত্র অধিকার পরিষদের ৩ নেতা রিমান্ডে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার মামলায় ছাত্র অধিকার পরিষদের তিন নেতার দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত নেতা হলেন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, নাজমুল হাসান সোহাগ ও সংগঠনটির ঢাবি শাখার সহসভাপতি মো. নাজমুল হুদা।

এর আগে কারাগার থেকে তিন আসামিকে আদালতে হাজির করা হয়। পরে লালবাগ থানার মামলায় তদন্তকারী কর্মকর্তা প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম তাদের জামিন আবেদন না মঞ্জুর করে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২০ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী ডাকসু ভিপি নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে লালবাগ থানায় এ মামলা করেন। এতে প্রধান আসামি করা হয়েছে সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুনকে। আসামিদের মধ্যে ধর্ষণে ‘সহায়তাকারী’ হিসেবে নুরের নাম উল্লেখ করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.