এইমাত্র পাওয়া

বাংলাদেশ ব্যাংকে দুই ডেপুটি গভর্নর নিয়োগ

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী ছাইদুর রহমান ও একেএম সাজেদুর রহমান খান।

রোববার (২২ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কাজী ছাইদুর রহমান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং একেএম সাজেদুর রহমান খান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মো. জেয়াদ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমানকে তার বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর অনুচ্ছেদ ১০(৪) অনুযায়ী যোগদানের তারিখ থেকে তার বয়স ৬২ বছর পূর্তি অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারি তারিখ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, একেএম সাজেদুর রহমান খানকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর অনুচ্ছেদ ১০(৪) অনুযায়ী যোগদানের তারিখ থেকে তার বয়স ৬২ বছর পূর্তি অর্থাৎ ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

দুই ডেপুটি গভর্নরের চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে রাষ্ট্রপতির নির্দেশে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.