এইমাত্র পাওয়া

শিক্ষকদের প্রাপ্য সুবিধা বহাল রাখার প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক।।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জনের সাপেক্ষে বিএডের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের আদেশের কারণে মাস্টার্স ও বিএডের ফলাফলের ভিত্তিতে ২-৩টি ইনক্রিমেন্ট প্রাপ্ত হন। ২০১৯ সাল পর্যন্ত সরকারি মাধ্যমিকের শিক্ষকরা এই সুবিধা পেয়ে আসছেন।

সম্প্রতি বিভাগীয়/জেলার সংশ্নিষ্ট এজি অফিস অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন ও অনুবিভাগ শাখার এক পরিপত্রের আলোকে এবং ২০১৫ সালের পে-স্কেলের ১২(৪) ধারা ব্যাখ্যা করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অগ্রিম বর্ধিত বেতন মঞ্জুরের আদেশ কার্যকর স্থ্থগিত করেছে।

ওই পত্রের ব্যাখ্যায় বলা হয়েছে, চাকরিতে প্রথম নিয়োগ লাভের ক্ষেত্রে এই ইনক্রিমেন্ট প্রাপ্তির সুযোগ আছে, কিন্তু চাকরিকালীন ও পদোন্নতির পর এই ইনক্রিমেন্ট প্রাপ্তির সুযোগ নেই। এই শর্ত মতে, চাকরিতে প্রথম নিয়োগ লাভের ক্ষেত্রে পদোন্নতির আগে যখনই যোগ্যতা অর্জন করবেন তখনই অগ্রিম বর্ধিত বেতন পাবেন। উল্লেখ্য, ১২(৪) কলামটি ৯ম গ্রেডের জন্য প্রযোজ্য, যা ১০ম গ্রেডের জন্য নয় এবং ২০১৫ সালের জাতীয় পে-স্কেলে ১২(৪) ধারাতে যা বলা আছে, অনুরূপ অন্যান্য পে-স্কেলে হুবহু একই কথা ছিল। ২০১৫ সালে জাতীয় পে-স্কেলে এভাবে ১৯৭০ সালের আদেশ বহাল রাখা হয়েছে।

এ ছাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৮ সালের সংশোধিত নিয়োগবিধিতে কোথাও যোগদানের আগেই বিএড ডিগ্রি অর্জন করতে হবে- এমন ধারা উল্লেখ করা হয়নি, যোগদানের আগে এবং পরে বিএড ডিগ্রি অর্জনের সুযোগ রাখা হয়েছে। জাতীয় শিক্ষানীতি-২০১০-এ মাধ্যমিক স্তরের শিক্ষকদের নিয়োগের ৩ বছরের মধ্যে বিএড কোর্স সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়; যেখানে জাতীয় শিক্ষানীতি-২০১০-এর অধ্যায় ২৫-এ শিক্ষকদের সম্মানিত ও উৎসাহিত করা হবে বলা আছে। অথচ অগ্রিম বর্ধিত বেতন থেকে বঞ্চিত করায় শিক্ষকদের উচ্চ শিক্ষার্জনে নিরুৎসাহী করা হচ্ছে, যা পত্রের ব্যাখ্যার সঙ্গে সংবিধান এবং সরকারি মাধ্যমিকের নিয়োগবিধির সরাসরি সাংঘর্ষিক।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৫ সালের আগে শিক্ষকরা বর্ধিত বেতন পেলেও পরে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা তাদের প্রাপ্ত অগ্রিম বেতন থেকে বঞ্চিত হচ্ছেন; যা একই অধিদপ্তরে কর্মরত শিক্ষকদের মধ্যে চরম বেতনবৈষম্য তৈরি করেছে। বিষয়টি বিবেচনাপূর্বক শিক্ষকদের প্রাপ্য সুবিধা বহাল রাখার প্রত্যাশা করছি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.