বাইডেনকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিউজ ডেস্ক।।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন । গতকাল রবিবার পৃথক শুভেচ্ছা বার্তায় তারা এই অভিনন্দন জানান।

জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান সম্পর্ক অত্যন্ত চমত্কার। নবনির্বাচিত প্রেসিডেন্টের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আগামী দিনে আরো নতুন উচ্চতায় পৌঁছাবে এবং ব্যবসা-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হবে। আবদুল হামিদ যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

একই আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শুভেচ্ছা বার্তায় বলেন, সাম্প্রতিক নির্বাচনে আপনার বিজয়ে আমি এবং বাংলাদেশের সরকার ও জনগণ অত্যন্ত আনন্দিত। আমি বিশ্বাস করি, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়, সমৃদ্ধির জন্য আন্তর্জাতিক সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অবস্থান আরো শক্তিশালী করবে আপনার বিচক্ষণ নেতৃত্ব।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.