নিউজ ডেস্ক।।
মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ৩০ কর্মদিনের সংক্ষিপ্ত সিলেবাসে মূল্যায়ন নির্দেশনা ও ৬ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এতে বলা হয়েছে, নোট-গাইড দেখে শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট করতে পারবে না। নোট গাইড দেখে অ্যাসাইনমেন্ট করলে তা বাতিল করা হবে। এক্ষেত্রে নতুন করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। একইসঙ্গে মূল্যায়নের রেকর্ড সংগ্রহ করতে বলা হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। মঙ্গলবার (৩ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর-সূত্রে জানা গেছে, বার্ষিক পরীক্ষা ছাড়াই সব ইবতেদায়ি ও দাখিল শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে। আর অ্যাসাইনমেন্টের মাধ্যমে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে পরবর্তী শিক্ষাবর্ষে তাদের শিখন ফল অর্জনে পদক্ষেপ নিতে হবে।
সাধারণ শিক্ষার মাধ্যমিকের মতোই মাদ্রাসা-শিক্ষার্থীদেরও ‘অতি উত্তম’, ‘উত্তম’, ‘ভালো’ ও ‘অগ্রগতি প্রয়োজন’ এমন চারটি স্তরে ভাগ করে অ্যাসাইনমেন্টগুলোর শাব্দিক মূল্যায়ন করতে বলা হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া-নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের অনুরোধ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। কোনো শিক্ষার্থী এই অ্যাসাইনমেন্ট করতে অর্থনৈতিক চাপের মুখে যেন না পড়ে, সে বিষয়েও নজর রাখতে ডিসিদের অনুরোধ করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে ইবতেদায়ি ও দাখিল শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়গুলো সিলেবাস ও অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, মাধ্যমিকের সঙ্গে মিল থাকা বিষয়গুলোর যেমন বাংলা, ইংরেজি ইত্যাদি ক্ষেত্রে মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য প্রকাশিত সিলেবাস অনুসরণ করতে হবে মাদ্রাসা শিক্ষার্থীদের।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
