এইমাত্র পাওয়া

জেন্টেলম্যান ভাতেও মরে,শীতেও মরে

শিক্ষাবার্তা ডেস্কঃ

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী নিয়ে ঘরে বসে থাকলে চলবে না। ডিগ্রি কোনো কাজে আসবে না। কাজ শুরু করতে হবে। জেন্টেলম্যান হলে চলবে না। কারণ জেন্টেলম্যান ভাতেও মরে, শীতেও মরে।

শনিবার দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) রিসার্চ অ্যান্ড ফার্ম বেইজড ক্যাম্পাসে কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

নওফেল বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকেই জাতির ভাগ্য পরিবর্তনের মাধ্যম হিসেবে নিয়েছেন। তাই শিক্ষা প্রতিষ্ঠানে প্রচুর বরাদ্দ দিচ্ছেন। গবেষণায় অর্থ ব্যয় করছেন। শিক্ষার্থীদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য সিভাসুর মাধ্যমে কৃষিতে দক্ষ কর্মী সৃষ্টি করা হচ্ছে।

তিনি বলেন, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক কাজে যোগ দিতে হবে। দক্ষতাভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার কাজ করে যাচ্ছে। এর জন্য ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়কে আরও আধুনিক করা হচ্ছে। দক্ষতা বৃদ্ধির জন্য কৃষির কোনো বিকল্প নেই।

ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ তিনি বলেন, দলীয় পদের পেছনে দৌড়ে কোনো লাভ নেই। কাজের দিকে দৌড়াতে হবে। সৃষ্টিশীল রাজনীতি করতে। রাজনীতির পেছনে দৌড়ে মাথা ফাটাফাটি করে লাভ কি? মোটরসাইকেলে করে ঘুরে নেতা হওয়া যায় না। এমন নেতার কর্মীরও চরম দুর্ভোগ। এ মানসিকতা থেকে বের হয়ে দক্ষতা, শিক্ষায় এগিয়ে আসুন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.