জেলা প্রশাসনের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের ওপর ন্যস্ত দায়িত্ব দ্রুত বাস্তবায়নের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের ‘শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১০ম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. আফছারুল আমীন এতে সভাপতিত্ব করেন। সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডা. দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী, মো. আব্দুল কুদ্দুস, ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া এবং গোলাম কিবরিয়া টিপু বৈঠকে উপস্থিত ছিলেন।
‘বৈঠকে, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ বিলটি আরও পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, বিয়োজন সাপেক্ষে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।
শিক্ষার্থীদের নিরাপদ স্থানে শিক্ষার পরিবেশ তৈরি করতে দুর্বল ভবন চিহ্নিত করে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিত্যক্ত ভবন অপসারণে সুপারিশ করা হয়।
কারিগরি শিক্ষা প্রসারের উদ্দেশ্যে প্রতিটি উপজেলায় অন্তত একটি করে টেকনিক্যাল কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে শিক্ষক স্বল্পতা নিরসনের লক্ষ্যে শূন্য পদে নিয়োগের কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে বৈঠকে জানানো হয়।
এতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
