এইমাত্র পাওয়া

যেসব চুক্তি-দলবদল এখন বার্সার জন্য আবশ্যক

গ্রীষ্মকালীন দলবদল শেষ হয়ে গেছে। বদলের ডাক দিলেও পুরোপুরি বার্সা স্কোয়াডকে পাল্টানো হয়নি কোচ রোনাল্ড কোম্যানের। যাদের যাদের চেয়েছিলেন, তাদের অর্ধেককেও পাওয়া হয়নি তার।

এরসঙ্গে যুক্ত হয়েছে পুরানো কিছু চুক্তি নবায়নের চ্যালেঞ্জও। সেই তালিকায় আছেন লিওনেল মেসি, আন্দ্রে টের-স্টেগেন ও আনসু ফাতির নাম। আগামী গ্রীষ্মের আগেই এসব চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে হবে কাতালান ক্লাবটিকে।

টের স্টেগেনের সঙ্গে নতুন চুক্তি
জার্মান গোলরক্ষকের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তিতে বসতে চায় বার্সা। সেটা সমস্যা নয়, সমস্যা হল তার বেতন। নতুন চুক্তিতে বছরে ১ কোটি ৮০ লাখ ইউরো চেয়ে বসে আছেন টের স্টেগেন, যা বার্সার জন্য এখন মাথাব্যথার কারণ। চুক্তিতে বসানোর আগে ক্লাবটি চাইছে জার্মান গোলরক্ষক যেন নিজের চাহিদা একটু কমিয়ে বেতন কম করে চান।

মেসি বনাম বার্তেমেউ
বার্সার এখন সবচেয়ে বড় মাথাব্যথার নাম লিওনেল মেসি। আগামী বছরই চুক্তি শেষ হয়ে যাবে দুপক্ষের মধ্যে। আর্জেন্টাইন অধিনায়ক বার্সার সঙ্গে আর চুক্তিতে বসবেন কিনা, তা নির্ভর করছে বর্তমান প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউয়ের থাকা-না থাকা নিয়ে।২০২১ সালের মার্চে ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচন। নতুন প্রেসিডেন্ট আসছেন তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু নতুন ক্লাব প্রধান কতটা মেসিবান্ধব সেটাই দেখার। তিনি এসে কী মেসিকে চুক্তিতে বসাতে পারবেন, নাকি আর্জেন্টাইন ফরোয়ার্ড ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমাবেন, সেটা মৌসুম শেষেই বোঝা যাবে।

আনসু ফাতির সঙ্গে বড় চুক্তি
মূল দলে জায়গা করে নেয়ার পর চাহিদা বেড়েছে বার্সার টিনেজ সেনশেসন আনসু ফাতির। মেসির উত্তরসূরি ভাবা হচ্ছে যাকে, সেই ফাতিকে নিয়ে এখন চিন্তাভাবনা শুরু করেছে অন্য ক্লাবগুলোও। আগামী গ্রীষ্মে ১৫০ মিলিয়ন ট্রান্সফার ফির সঙ্গে চলতি অক্টোবরে ১৮ বছর পূর্ণ হওয়া ফরোয়ার্ডের পেছনে বছরে ১ কোটি ইউরো ঢালতেও রাজি ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো।

সময় বুঝেই ক্লাবে নিজের চাহিদা বাড়াচ্ছেন ফাতি, আর তার এজেন্ট হোর্হে মেন্ডেজ। নতুন চুক্তিতে লোভনীয় বেতনের আশা স্প্যানিশ ফরোয়ার্ডের। ক্লাবও হয়তো তাতে না করবে না।

এরিক গার্সিয়া
এবারের দলবদলে ম্যানসিটি থেকে আনা যায়নি স্প্যানিশ ডিফেন্ডারকে। বার্সা কোচ রোনাল্ড কোম্যানের আশা আগামী শীতকালীন দলবদলে আনা সম্ভব গার্সিয়াকে, কারণ সিটির সঙ্গে তখন আর ছয় মাসের চুক্তি বাকি থাকবে তার। সিটিজেনরাও খুব বেশি দাবি করবে এমনটা না। কারণ আসছে গ্রীষ্মে তাদের নজর আবার বসম্যানের দিকে।

কী হবে ডেম্বেলের ভবিষ্যৎ
শেষ মুহূর্তে বার্সেলোনা ছাড়তে রাজি হননি উসমানে ডেম্বেলে, তাই মেম্ফিস ডিপাইকে পাওয়া হয়নি কাতালান ক্লাবটির। শীতকালীন দলবদলে আবারও ডিপাইকে চাইবে বার্সা, এখানেও বাধা ডেম্বেলে। ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে ভাবার জন্য আর ছয় মাস সময় পাচ্ছে ক্লাবটি। এ সময়ের মধ্যে নিজেকে প্রমাণ করতে না পারলে স্পেন ছাড়তেই হবে তাকে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.