দুর্নীতি পেলে কাউকে ছাড় দেওয়া হবে না

দেশের সর্বোচ্চ আদালতে দুর্নীতি ও অনিয়মকে কোনোরকম আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন নতুন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেছেন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী বারে দুর্নীতির সঙ্গে যে-ই জড়িত থাকুক, কোনো ছাড় দেওয়া হবে না। সমকালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন নতুন অ্যাটর্নি জেনারেল। গতকাল শনিবার রাজধানীর বনানীতে তার বাসভবনে একান্ত আলাপচারিতায় উঠে আসে উচ্চ আদালতে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা নারী নির্যাতনের মামলা চালু, মামলাজট কমাতে নানা উদ্যোগ, বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট বার ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের দুর্নীতিসহ অনেক বিষয়।

সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী জানান, দায়িত্ব গ্রহণের পর পুরো অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে আরও সুশৃঙ্খলভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হবে, যেখানে থাকবে না কোনো অনিয়ম ও দুর্নীতি। এ ছাড়া নারী নির্যাতনসহ অন্য যেসব চাঞ্চল্যকর মামলা উচ্চ আদালতে স্থগিত করে রাখা হয়েছে, সেগুলো চিহ্নিত করে স্থগিতাদেশ প্রত্যাহার করে মামলাগুলো পর্যায়ক্রমে চালু করার উদ্যোগ নেবেন তিনি। গত ২৭ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুর পর পদটি শূন্য হয়। এরপর গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.