পদত্যাগ করেছেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির ও মুরাদ রেজা। আজ ১১ অক্টোবর, রবিবার সকালে তাদের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে সলিসিটর কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির। তিনি সকালে গণমাধ্যমকে বলেন, ‘পদত্যাগপত্র স্বাক্ষর করে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়ে পাঠিয়েছি।’
এ সময় পদত্যাগের কারণকে ব্যক্তিগত হিসেবে উল্লেখ করেন এই আইনজীবী।
এদিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে মুরাদ রেজাও পদত্যাগ করেছেন বলে জানা গেছে। তবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
২০১০ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করে আসছিলেন মমতাজ উদ্দিন ফকির। ২০০১-২০০২ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন তিনি। ১৯৯৪-১৯৯৫ সালে সমিতির সহ-সম্পাদকের দায়িত্বও পালন করেন এই আইনজীবী।
১৯৬১ সালে কিশোরগঞ্জে জন্ম নেয়া মমতাজ উদ্দিন ফকির ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮৭ সালে এরশাদবিরোধী আন্দোলনে আইনজীবী নেতাদের সঙ্গে কারাবরণ করেন তিনি। এরপর ১৯৮৮ সালের আগস্টে হাইকোর্টের ও ২০০১ সালের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগের আইনজীবী হন।
উল্লেখ্য যে, মাহবুবে আলমের মৃত্যুর পর গত ৮ অক্টোবর, বৃহস্পতিবার নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
