ফেসবুকের কথায় রাষ্ট্র চলবে না: শিক্ষা উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

ডেঙ্গু থেকে শিশুদের রক্ষায় ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় অনেকে বিদ্যালয় বন্ধ করে দেওয়ার যে দাবি জানিয়েছেন তা নাকচ করে দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেছেন, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার কথায় রাষ্ট্র চলবে না।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রয়াত সদস্যদের সন্তানদের ‘শিক্ষাবৃত্তি-২০১৯’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষা উপমন্ত্রী বলেন, অনেকের দাবি আসছে বিদ্যালয় বন্ধ করে দেওয়ার। কিন্তু কোনো সায়েন্টেফিক প্রমাণ নাই যে বিদ্যালয়গুলোতেই এডিস মশা ডেঙ্গু ছড়াচ্ছে। বরং বাসা-বাড়ির চেয়ে বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নিরাপদ।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলো প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে, তারা বন্ধ করবে না। আমরাও (শিক্ষা মন্ত্রণালয়) সিদ্ধান্ত নিয়েছি, বিদ্যালয়গুলো বন্ধ করবো না।

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে নওফেল বলেন, বাসা-বাড়ি সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। আগে আমাদের জন্য ম্যালেরিয়া বড় চ্যালেঞ্জ ছিল। সেটি আমরা মোকাবেলা করেছি। ডেঙ্গুও মুক্ত হবে।

ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ কবির আহমেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে ডিআরইউর কল্যাণ সম্পাদক কাওসার আজম, ডিআরইউ প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত, প্রশিক্ষণ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল হাই তুহিন, সাংস্কৃতিক সম্পাদক মো. এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার, কার্যনির্বাহী সদস্য খালিদ সাইফুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও সৈয়দ শুকুর আলী শুভ প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, বিএসবি-ক্যামব্রিয়ান শিক্ষা পরিবারের সহযোগিতায় এ বছর প্রয়াত ২০ সদস্যদের সন্তানদের মাসিক পরিবার প্রতি ৩ হাজার টাকা হারে বার্ষিক এককালীন ৩৬ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.