যেসব শিক্ষকদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা দিয়েছে এনটিআরসিএ

নিজস্ব প্রতিবেদক।।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের নিবন্ধন সনদের বিস্তারিত তথ্য সংগ্রহ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএ সূত্র জানিয়েছে, নিবন্ধন সনদধারী শিক্ষকদের তথ্য সংগ্রহের উদ্দেশেই এসব শিক্ষকদের তালিকা জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠাতে বলা হয়েছে।এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশিত এক নির্দেশনায় বলা হয়, কমিটির মাধ্যমে ২০০৫-২০১৫ সালের মধ্যে নিয়োগ পাওয়া শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ইআইআইএন নম্বর, নিয়োগের তারিখ, যোগদানের তারিখ, পদের নাম, বিষয়, নিবন্ধন পরীক্ষার রোল নম্বর, ব্যাচ, নিবন্ধনের সাল ইত্যাদি উল্লেখ করে সুস্পষ্ট তালিকা জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে। আগামী ১০ অক্টোবরের মধ্যে তা এনটিআরসিএতে পাঠাতে হবে জেলা শিক্ষা কর্মকর্তাদের।

২০০৫-২০১৫ সাল পর্যন্ত শত শত শিক্ষক জালসনদ নিয়ে কমিটির মাধ্যমে ঘুষ দিয়ে নিয়োগ পেয়ে এমপিওভুক্ত আছেন। তথ্য সংগ্রহের পর কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া জালসনদধারী শিক্ষকদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর কাছে দাবি জানিয়েছেন প্রার্থীরা।

সূত্র আরো জানায়, ২০১৬ সাল থেকে শিক্ষক নিয়োগ দিচ্ছে এনটিআরসিএ। তাই ২০১৬ সাল পর নিয়োগ পাওয়া শিক্ষকদের তথ্য এনটিআরসিএতে আছে। কিন্তু নিবন্ধন সনদে নিয়োগ চালুর পর ২০১৫ সাল পর্যন্ত কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের তথ্য নেই। তাই জেলা শিক্ষা কর্মকর্তাদের এসব তথ্য জানানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.