নিজস্ব প্রতিবেদক।।
করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেই জেলা পর্যায়ে ২৫ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন মাঠ পর্যায়ের শিক্ষক-কর্মকর্তারা। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে নিজ নিজ মন্ত্রণালয়কে সিদ্ধান্ত নিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ঘোষণা আসার পর এ বিষয়ে মাঠ পর্যায়ে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তাদের মতামতের ভিত্তিতে ২৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সভা করে স্কুল খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, ‘সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলো কীভাবে চালু করা যায়, সে বিষয়ে মাঠ পর্যায়ের শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে পরামর্শ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে আমরা বেশ কয়েকটি জেলার শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছি। তারা বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়েছেন। অনেকে প্রথম ধাপে জেলা পর্যায়ের ২৫ শতাংশ বিদ্যালয় খুলে দেওয়ার প্রস্তাব করেছেন। আরও কিছু জেলার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। পরবর্তীতে এসব পরামর্শের আলোকে আগামী ২৭ সেপ্টেম্বর সভা করা হবে মন্ত্রণালয়ে। এরপর
সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি বিবেচনার মাধ্যমে কবে থেকে বিদ্যালয় খোলা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ বর্তমানে বিদ্যালয়গুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করতে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
মন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের ঘোষণার পর প্রতিমন্ত্রী জাকির হোসেন এবং সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন ভিডিও কনফারেন্সে বিভিন্ন জেলার শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শুরু করেন। প্রথম ধাপে রাজধানী ঢাকার স্কুলগুলো না খুলে জেলা পর্যায়ের ২৫ শতাংশ স্কুল খোলার পরামর্শ এসেছে। মাঠ পর্যায়ের শিক্ষক-কর্মকর্তারা বলেছেন, শহরের বিদ্যালয়গুলো বন্ধ থাকালেও শিক্ষার্থীরা টিভি, রেডিওসহ নানা মাধ্যমে ক্লাস করার সুযোগ পাচ্ছে। অন্যদিকে করোনা পরিস্থিতির কারণে বিদ্যালয় বন্ধ থাকায় জেলা পর্যায়ের শিক্ষার্থীরা পড়ালেখা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নানা প্রতিবন্ধকতার কারণে তারা টিভি-রেডিও ক্লাসের সুযোগ পাচ্ছে না।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
