নিজস্ব প্রতিবেদক।।
বগুড়ার শাজাহানপুরে সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান করার দায়ে এক শিক্ষিকাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় ব্রাক স্কুলের শিক্ষিকা লাইলী খাতুনকে (৩৮) এ জরিমানা করা হয়।
রোববার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক খান ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানাদেশ দেন। এ সময় উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক খান জানান, করোনাকালীন সরকারি নির্দেশনা অমান্য করে উপজেলার আড়িয়া ইউনিয়নের সোনাইদিঘী মধ্যপাড়ায় নিজ বাড়িতে ব্রাক শিশু নিকেতনের শিক্ষার্থীদের পাঠদানের খবর আসে।
পরে দুপুরের দিকে সেখানে অভিযান চালিয়ে ব্রাক শিশু নিকেতনের লাইলী খাতুনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ওই শিক্ষিকার কাছে ১০ হাজার টাকা জরিমানা করে। পাশাপাশি পরবর্তীতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে তাকে সাবধান করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল