আসন্ন শীতে সবজির বাজার দখল করতে ব্যস্ত সময় পার করছেন লালমনিরহাটের চাষিরা।
শীতকালেই শুধু নয়, সারা বছর সবজির চাহিদার বড় একটি অংশ পূরণ করেন এ জেলার চাষিরা।
শীতকালে প্রতিদিন ট্রাক ভর্তি করে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন আড়তে যায় এখানকার চাষিদের উৎপাদিত নানা জাতের সবজি। সারা দেশের বড় বড় বাজারের পাইকাররা সরাসরি মাঠে এসে কৃষকদের সবজি ক্রয় করেন। পরদিন সকালেই শহরের ভোক্তাদের কাছে টাটকা সবজি বিক্রি করেন। সরাসরি মাঠে সবজি বিক্রি হওয়ায় কোনো ঝামেলা হয় না চাষিদের। ফলে দিনদিন সবজি চাষ বাড়ছে লামনিরহাটে ।
জেলাটির সব থেকে বেশি সবজি চাষাবাদ হয় আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নে। সবজি এলাকা হিসেবে খ্যাত কমলাবাড়ী। আদিতমারীতে রবি মৌসুমে এক হাজার ১৭০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হলেও অর্জন হয়েছে ৩৯৬ হেক্টর। তবে চাষাবাদ চলমান রয়েছে।
এছাড়া সবজি পুষ্টি বাগানের আওতায় চলতি মৌসুমে ২৫৮ জন চাষিকে বিনামূল্যে সবজি বীজ ও চাষাবাদ খরচ বাবদ কৃষক প্রতি এক হাজার ৯৩৫ টাকা এবং কৃষি প্রণোদনার আওতায় ১৭৫ জন কৃষককে বিনামূল্যে ১৪টি পদে সবজি বীজ দিয়েছে উপজেলা কৃষি বিভাগ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
