নিউজ ডেস্ক।।
সাইবেরিয়ায় বিশাল এক গর্তের ছবি তুলেছেন রাশিয়ার এক টিভি সাংবাদিক। দেশটির তুন্দ্রা অঞ্চল দিয়ে হেলিকপ্টারে যাওয়ার সময় ওই ছবি তুলেছেন তিনি। ওই গর্তটি ১০০ ফুট গভীর এবং ৯০ ফুট চওড়া বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।
তবে কি কারণে বা কিভাবে ওই গর্তটির সৃষ্টি হলো সেই রহস্য এখনো উদঘাটন করতে পারেনি গবেষকেরা। তবে জলবায়ু পরিবর্তনের কারণে এমন গর্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম সিএনএন।
ওই প্রতিবেদনে বলা হয়, এই অঞ্চলে ২০১৩ সালে এমন একটি গর্তের সন্ধান পাওয়া যায়। সেই গর্তের চেয়ে নতুনটি অনেক বড়। এর আগে এই অঞ্চলে আটটি গর্ত দেখা যায়। সেগুলো নিয়ে অনেক গুজবও প্রচলিত রয়েছে।
তবে এ বিষয়ে বিজ্ঞানীরা বলেন, মিথেন গ্যাসের বিস্ফোরণ থেকে এমন গর্ত হয়। ২০১৭ সালে এমন একটি গর্তের মাটি সংগ্রহ করেন গবেষকেরা। ওই সময় বলা হয়, এই গর্ত মুহূর্তে তৈরি হয় না। অন্তত কয়েক বছর সময় লাগে।
রাশিয়ার তুন্দ্রা অঞ্চলে শীতে অত্যন্ত দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়। মাঝে মাঝে প্রবল তুষারঝড় আসে। এরপর আবহাওয়া আবার পাল্টে গেলে মিথেনের মতো বিভিন্ন গ্যাসের বিস্ফোরণ হয়। এজন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেন বিজ্ঞানীরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
