হোসনি দালানে শোকের মাতম

রবিবার (৩০ আগস্ট) সকাল থেকেই হোসনি দালানে উপস্থিতি শুরু করেন শিয়া সম্প্রদায়ের মানুষেরা। সরকারি নির্দেশনা মেনে রাস্তায় বদলে দালানের ভেতরেই তাজিয়া মিছিল বের করা হয়। এ সময় ‘হায় হোসেন’, ‘হায় হোসেন’ মাতমে ভারী হয় উঠে হোসনি দালানে চারপাশ।

সকাল নয়টা থেকে হোসনি দালানে উপস্থিত হওয়া শুরু করেন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র মহরম পালন করতে শোকের রঙ কালো পোশাক পড়ে তার এখানে আসেন। অনেকের হাতেই ছিল আলাম।

সকাল থেকে জোহরের নামাজ পর্যন্ত শোকের মাতম করতে থাকেন সম্প্রদায়ের মানুষেরা। এসময় পবিত্র মহরমের দিন কারবালা প্রান্তরে নিহত ইমাম হোসেনকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

হোসেনি দালান ইমামবাড়ার তত্ত্বাবধায়ক এম এম ফিরোজ হোসেন বলেন, সরকারের বেঁধে দেওয়া স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সব আয়োজন চলছে। তাছিয়া মিছিলও দালানের ভেতরে বের করা হয়েছে। সন্ধ্যার মোনাজাতের পর দিনটির আনুষ্ঠানিকতা শেষ হবে।

সকাল ১১টার দিকে হোসনি দালানে প্রবেশ করলে দেখা যায়, ১০ থেকে ২০ জন দলবদ্ধ হয়ে চক্রাকারে বুকে হাত দিয়ে ‘হায় হোসেন’, ‘হায় হোসেন’ ধ্বনিতে শোকের মাতম করে। অনেকেই কারবালার যুদ্ধে নিহত হযরত মুহাম্মদের (স.) দৌহিত্র ইমাম হোসাইন (রা.)-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেইসঙ্গে পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.