অকালেই চলে গেলেন ‘ব্ল্যাক প্যান্থার’ অভিনেতা চ্যাডউইক বোসম্যান

মারণব্যাধি কোলন ক্যান্সারের কাছে হার মানলেন আলোচিত হলিউডি সিনেমা ‘ব্ল্যাক প্যান্থার’ অভিনেতা চ্যাডউইক বোসম্যান। মাত্র ৪৩ বছর বয়সে গতকাল ২৯ আগস্ট, শনিবার তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

বোসম্যানের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, বোসম্যান তার লস অ্যাঞ্জেলসের বাড়িতে মারা গেছেন। মৃত্যুর সময় তার স্ত্রী ও পরিবারের সদস্যরা পাশে ছিলেন।

বছর চারেক আগে বোসম্যানের শরীরে কোলোন ক্যান্সার শনাক্ত হয়। তবে জীবিত থাকাকালে নিজের রোগ বা চিকিৎসা নিয়ে প্রকাশ্যে কখনোই কিছুই জানাননি তিনি।

বোসম্যানের টুইটার হ্যান্ডেলে তার মৃত্যুর বিষয়ে লেখা হয়, ‘দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, চ্যাডউইক আর নেই। ২০১৬ সালে তাঁর স্টেজ–৩ কোলন ক্যানসার ধরা পড়ে। পরে সেটি স্টেজ–৪-এ চলে যায়। চার বছর ধরে লড়াই করেছেন ক্যানসারের সঙ্গে।’

সত্যিকারের যোদ্ধা এই পরিস্থিতির মধ্যেও তার গুণমুগ্ধ ভক্তদের জন্য বিভিন্ন চরিত্র উপহার দিয়েছেন উল্লেখ করে এতে “ব্ল্যাক প্যান্থার’ সিনেমায় রাজা টু’চ্যালায় অভিনয়কে তার নিজের জীবনে অন্যতম প্রাপ্তি হিসেবে অভিহিত করা হয়।

১৯৭৬ সালের ২৯ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনার অ্যান্ডারসনে জন্মগ্রহণ করেন চ্যাডউইক বসম্যান। সেবিকা মা ও ব্যবসায়ী বাবার সন্তান চ্যাডউইক ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন।

অভিনয়ের প্রতি আগ্রহ ছিল অনেক আগে থেকেই। ২০১৩ সালে এক বেসবল তারকার জীবনীভিত্তিক ‘জ্যাকি রবিনসন’ দিয়ে পাদপ্রদীপের আলোয় আসেন চ্যাডউইক। তবে তার সেরা কাজ ২০১৮ সালে মুক্তি পাওয়া মার্ভেল সিরিজের ব্লকবাস্টার সিনেমা ‘ব্ল্যাক প্যান্থার’। সিনেমাটি কমিকস থেকে তৈরি প্রথম চলচ্চিত্র হিসেবে সেরা সিনেমার জন্য অস্কার মনোনয়নও পেয়েছিল।

তার অভিনীত অন্যান্য জনপ্রিয় সিনেমার মধ্যে ‘ডা ফাইভ ব্লাড’, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়া ‘, ‘ম্যাসেজ ফ্রম কি ‘, ‘গডস অব ইজিপ্ট‘, ‘কিং হোল’ ইত্যাদি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.