প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীতে অন্যদেশের ন্যায় নাকাল বাংলাদেশ। প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তদের তালিকা। এমতাবস্তায় আশার কথা শোনালেন দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অণুজীববিজ্ঞানী অধ্যাপক ড. বিজন কুমার শীল।
দেশে আগামী শীত মৌসুম আসার আগেই করোনার সংক্রমণ অনেকটাই কমে যাবে বলে আশা প্রকাশ করেছেন ড. বিজন কুমার শীল। ২২ আগস্ট, শনিবার গণমাধ্যমের কাছে এই মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে ড. বিজন কুমার শীল বলেন, এখন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। এমনটা হওয়ার কথা ছিলো, কারণ গত ২০ দিন বা তার আগে দেশে অস্বাভাবিক গরম ছিলো। ওই সময়টায় আবহাওয়ায় হাই-হিউমিনিটি ছিলো। প্রচণ্ড গরমে মানুষের ইমিউনিটি কমে যায়।
তিনি আরো বলেন, এই সময়েই আবার বিভিন্ন কারণে এক স্থান থেকে আরেক স্থানে মানুষের যাতায়াতও বেশি ছিলো। ফলে করোনা ভাইরাসেরও যাতায়াত ছিলো মানুষের সঙ্গে। মানুষই করোনাভাইরাস বহন করে। সে কারণে এখন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে এই অণুজীববিজ্ঞানী বলেন, বর্তমান সময়ে দেখা যাচ্ছে, করোনা মানুষকে আক্রান্ত করলেও, তীব্রতা এবং আগ্রাসী ভূমিকা অনেকটাই কমে গেছে। অনেকেই ভাইরাসের আক্রান্ত হলেও তার মধ্যে ক্লিনিক্যাল কোনো সাইন দেখা যাচ্ছে না। অনেকেই আক্রান্ত হয়ে আবার নিজের অজান্তেই সুস্থও হয়ে যাচ্ছেন। এটা আমাদের জন্য ভালো এবং সুখবর। শীত মৌসুমের আগেই বাংলাদেশ থেকে করোনার সংক্রমণ অনেকটাই কমে যাবে।
প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪৬ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ৩৯০৭ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৪০১ জন। এপর্যন্ত শনাক্ত হলেন ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন। আজ সুস্থ হয়েছে ২৯৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন।
২২ আগস্ট, শনিবার দুপুরে গণমাধ্যমের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
