নিজস্ব প্রতিবেদক।।
করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা কওমি মাদ্রাসাগুলো খুলে দেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি ড. মাওলানা মুশতাক আহমদ ও মাওলানা ইয়াহইয়া মাহমুদ এবং বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলীসহ কওমি আলেমদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে শিগগিরই দেশের সব কওমি মাদ্রাসা বিশেষ করে কওমি মাদ্রাসার কিতাব বিভাগের কার্যক্রম চালুর বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ মন্ত্রিপরিষদ বিভাগে তাদের কর্মপরিকল্পনার কথা জানাতে এসেছিলেন। সরকারের পক্ষে আমি তাদের আশ্বস্ত করে বলেছি, অতি অল্প সময়ের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
এ প্রসঙ্গে প্রতিনিধি দলের সদস্য মাওলানা ইয়াহইয়া মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের সঙ্গে কওমি মাদ্রাসা বিশেষ করে কওমি মাদ্রাসার কিতাব বিভাগের কার্যক্রম চালু করার অনুমতি চেয়ে অনুরোধ বার্তা দিয়েছি।
তিনি আমাদের আশ্বস্ত করে বলেছেন, বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত জানাবেন। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই কোরআন-হাদিস চর্চার কেন্দ্র কওমি মাদ্রাসাগুলো পরিচালনার ব্যাপারে আমরা সরকারকে আশ্বস্ত করতে চাই।’ চলতি আগস্টের শেষ দিকে কওমি মাদ্রাসার সব শ্রেণির পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ১২ জুলাই থেকে দেশের সব হাফিজিয়া মাদ্রাসা চালুর অনুমতি দিয়েছে সরকার। ৮ জুলাই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়, এসব মাদ্রাসাকে স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
