করোনা (কোভিড-১৯) মহামারীর কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৬ আগস্ট সেই ছুটি শেষ হচ্ছে। তবে পরিস্থিতি এখনো স্বাভাবিক না হওয়ায় ছুটি বাড়ানো হতে পারে বলে জানা গেছে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা এই ইঙ্গিত দেন।
এর মধ্যেই সরকারের দায়িত্বশীলরা জানিয়েছে, আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হতে পারে। এছাড়াও ২৯ জুলাই, বুধবার ছুটি বৃদ্ধির ঘোষণা দেয়া হতে পারে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
জানা গেছে, আগামী আগস্ট পুরো ছুটি ঘোষণা করা হবে। আর সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী ইতোমধ্যে সিলেবাস সংক্ষিপ্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে। এদিকে ৩১ জুলাই থেকে ঈদুল আজাহার ছুটি শুরু হওয়ায় নতুন করে ছুটি বৃদ্ধির ঘোষণা আজই দেয়া হতে পারে বলে জানা গেছে। তবে এইচএসসি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়।
সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন বলেছিলেন, পরিস্থিতি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার অবস্থা তৈরি হয়নি। সেপ্টেম্বরের আগে সেটা নাও হতে পারে। প্রাতিষ্ঠানিক লেখাপড়া সেপ্টেম্বর থেকে শুরুর প্রস্তুতির অংশ হিসেবে সিলেবাস ও কারিকুলাম পর্যালোচনা চলছে। কর্মদিবস বিবেচনায় নিয়ে সিলেবাস সংক্ষেপ হচ্ছে। বিষয়টি নিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কাজ করছে বলেও জানান তিনি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে সকল সিদ্ধান্ত নেব। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে চিন্তা করা হবে। বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছি। ৬ আগস্টের পর ছুটি বাড়ছে কি না তা ঈদের আগেই জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি। সুত্রবাংলা
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
