নিউজ ডেস্ক ।।
আসন্ন ঈদুল আজহায় ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমান জানান, কোরবানির দিনে ১০ হাজার টন বর্জ্য তৈরি হতে পারে। যা অন্য দিনের তুলনায় তিনগুন। তারপরও এসব বর্জ্য যাতে দ্রুত অপসারণ করা যায় সেজন্য তিন হাজার পরিচ্ছন্ন কর্মী নতুন করে নিয়োগ দেয়া হবে। ঈদের দিন মোট ১১ হাজার ৫৮০ জন পরিচ্ছন্ন কর্মী কাজ করবেন।
তিনি আরো জানান, ডিএনসিসির ৬টি পশুর হাটে ৩৫০ জন পরিচ্ছন্ন কর্মী নিয়মিত থাকবেন। এরমধ্যে গাবতলিতে ১০০ জন এবং অন্য ৫টি হাটে ৫০ জন পরিচ্ছন্ন কর্মী কাজ করবেন। হাটের বর্জ্য নিয়মিত সরাতে ১০০টি ট্রাক নিয়োজিত থাকবে। অন্য স্থান মিলে ট্রাক থাকবে ৪৩০টি। এর মধ্যে ১১টি ট্রাকে করে ঈদের দিন রাস্তায় স্যাভলন ও ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটানো হবে।
সাইদুর রহমান বলেন, এবার ১০টি অঞ্চলের ৫৪ ওয়ার্ডে মোট ২৫৬টি স্থানে কোরবানির পশু জবাই করার জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। এসব স্থানে পশু জবাইয়ের জন্য ২৫০ জন ইমাম এবং ২৫০ জন কসাই নিয়োজিত থাকবেন। যাদেরকে প্রশিক্ষণও দেয়া হবে।
সবাইকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, দয়া করে কোরবানির বর্জ্য যত্রতত্র ড্রেনে ফেলবেন না। কোরবানি দাতাদের মধ্যে মোট ছয় লাখ ব্যাগ সরবরাহ করা হবে। এসব ব্যাগে আপনাদের কোরবানির বর্জ্য রেখে দিন, আমাদের পরিচ্ছন্ন কর্মীরা সেগুলো সংগ্রহ করে নিয়ে আসবে। জনগনকে এ ব্যাপারে সচেতন করতে মসজিদে জুমার আলোচনা বলা, লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে বলেও তিনি জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
