‘গণপরিবহন নয়, ৯ দিন বন্ধ থাকবে পণ্যবাহী যান’

আসন্ন ঈদুল আজহার উপলক্ষে ৯ দিন গণপরিবহন নয়, বন্ধ থাকবে সকল প্রকার পণ্যবাহী যান। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন। প্রতিমন্ত্রী ঈদের পাঁচ দিন আগে ও পরের তিন দিন গণপরিবহন বন্ধ বলে জানালেও সভা শেষে এই মন্তব্য করেন।

ঈদুল আজহার আগে গণপরিবহন বন্ধের নির্দেশনাকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে আখ্যায়িত করে প্রতিমন্ত্রী। ১৫ জুলাই, বুধবার দুপুরে সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করছিলেন প্রতিমন্ত্রী।

বৈঠক শেষে সাংবাদিকদের নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘আজ বৈঠকের আগেও আমরা বলেছিলাম ঈদের আগের পাঁচ দিন এবং পরে তিন দিন গণপরিবহন বন্ধ থাকবে। সেটা একটা ভুল বোঝাবুঝি ছিলো। এখন সিদ্ধান্ত হয়েছে পণ্যবাহী যেকোনো পরিবহন বন্ধ থাকবে।’

তিনি আরো বলেন, ‘মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে আমার কথা হয়েছে। এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এখানে যে সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে ঈদের আগে পাঁচ দিন ও পরে তিন দিন পণ্যবাহী যে কোনো ধরনের যানবাহন বন্ধ থাকবে। কিন্তু আমাদের গণপরিবহন, গণপরিবহনের একটা অংশ যাত্রীবাহী লঞ্চ বা ফেরি চালু থাকবে।’

এ সময় বাস-ট্রেন চলবে কিনা- এই প্রশ্নের জাববে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এটার সমন্বয় করে নেব। আমি যতটুকু বুঝতে পারছি ট্রেন-বাসও চলবে।’

এর আগে সভার শুরুতে প্রতিমন্ত্রী বলেছিলেন, ‘ঈদের পাঁচ দিন আগে থেকে এবং ঈদের পরে তিন দিন গণপরিবহন বন্ধ রাখার বিষয়ে একটি প্রজ্ঞাপন আমরা পেয়েছি। মিটিং করে সেই আলোকেই আমরা পদক্ষেপ গ্রহণ করবো।’

তিনি আরো বলেন, ‘যারা ঈদে বাড়ি যেতে চায় তাদের ঈদের পাঁচ দিন আগেই যেতে হবে। যারা আসতে চায় তাদের তিন দিন পরেই আসতে হবে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.