মোঃ জিয়াউর রহমান।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩৮ তম বিসিএস প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকারী এস এম রুহুল আমিন শরিফকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী রাজীবুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু বলেন, শরিফের সাফল্যের অংশীদার হতে পেরে আড়াইহাজার উপজেলার সকলেই আজ আনন্দিত ও গর্বিত। উপস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশ্য করে তিনি বলেন, প্রতিটি প্রতিষ্ঠান থেকে শরিফের মতো মেধাবী তৈরি করার লক্ষ্যে আপনারা শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,অল্প সময়ের মধ্যে ছাত্র শিক্ষক জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এসময় প্রধান অতিথি শরিফের রত্নগর্ভা মা-বাবাকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া, আড়াইহাজার পৌর মেয়র সুন্দর আলী, গোপালদী পৌর মেয়র হালিম সিকদার, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাহিদা মোশারফ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সাবেক ভিপি মোজাম্মেল হক জুয়েল, যুবলীগ সভাপতি আহাম্মেদুল কবির উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন সূর্য, শিক্ষক নেতা গিয়াসউদ্দিন সরকার, ইয়াহিয়া স্বপন, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদুর রহমান লাফিজ, মোঃ জসিমউদ্দিন, এমদাদুল হক মিলন, মাহবুবুর রহমান শোয়েব, আরিফ রহমান নির্জল, আসিবুল ইসলাম আসিব, সদস্য সাইফুল ইসলাম মোল্লা ও মোহাম্মদ আসাদউল্লাহ, তরুণলীগের সভাপতি এইচ এম জাকির, সাধারণ সম্পাদক তবারক হোসেন প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
