নাটোরে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনা বিতরণ

নিউজ ডেস্ক।।

নাটোর সদর উপজেলায় নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ৪ জুলাই শনিবার দুপুর ৩ ঘটিকার সময় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ করেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল।

সদর উপজেলা নির্বাহি অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর জজ কোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, মহিলা ভাইস চেয়ারম্যান কাজল রেখা প্রমুখ। এসময় এমপি শিমুল বলেন, নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এমনিতেই মানবেতর জীবনযাপন করেন।

সম্প্রতিকালে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা আরো অসহায় হয়ে মানবেতর জীবনযাপন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনোনেত্রী শেখ হাসিনা নন-এমপিওভুক্ত শিক্ষকদের প্রণোদনা দিয়ে তাদের দুঃখের সাথী হয়েছেন। আগামীতে যোগ্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে বলে আশ্বাস দেন তিনি। পরে সদর উপজেলার ৩৮৩ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে ১৬ লক্ষ নব্বই হাজার টাকার প্রণোদনার চেক বিতরণ করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.