এইমাত্র পাওয়া

পলিটেকনিকে ভর্তির বয়সসীমা বিবেচনা করা হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক।।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) প্রতিনিধিবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে হেয়ার রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে নেতৃবৃন্দরা শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে কারিগরি শিক্ষায় যে যুগান্তকারী পদক্ষেপ নেয়া হচ্ছে তার প্রশংসা করেন। পাশাপাশি পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম বর্ষের ভর্তির যোগ্যতা ও বয়স নিয়ে আলোচনা হয়।

নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরে পলিটেকনিকে ভর্তির যোগ্যতা না কমানো ও বয়সসীমা রাখার বিষয়ে মতামত তুলে ধরেন। এসময় মন্ত্রী বিষয়টি বিবেচনা করা হবে বলে তাদের আশ্বাস্ত করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নবনিযুক্ত সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এবং ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সাধারণ সম্পাদক মোঃ জাফর আলী সিকদার প্রমুখ।

প্রসঙ্গত, গত সপ্তাহে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির ক্ষেত্রে কোনো রকমের বয়সের সীমাবদ্ধতা রাখা হবে না। তাছাড়া ওই সভায় ভর্তির ক্ষেত্রে ছেলেদের ন্যূনতম যোগ্যতা জিপিএ ৩ দশমিক ৫ থেকে কমিয়ে ২ দশমিক ৫, মেয়েদের ক্ষেত্রে জিপিএ ৩ থেকে কমিয়ে ২ দশমিক ২৫ করার সিদ্ধান্ত হয়েছিল। পাশাপাশি ডিপ্লোমা কোর্সে ভর্তি ফি এক হাজার ৮২৫ টাকা থেকে এক হাজার ৯০ টাকা করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মন্ত্রী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.