নিউজ ডেস্ক ।।
করোনার প্রকোপ না কমা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শনিবার এক ভার্চুয়াল আলোচনায় একথা জানিয়েছেন তিনি।
তিনি বলেন, এজন্য শিক্ষার্থীদের যে ক্ষতি হবে তা পুষিয়ে নিতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হবে সে বিষয়ে এখনই কোনো ধারণা দিতে পারেননি শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা জানি না আগস্টে কি খুলতে পারব, সেপ্টেম্বরে কি খুলতে পারব। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সবচেয়ে বড় ব্যাপারটি হল- যখন একজন আমরা কেউ রাস্তায় বের হই, নিশ্চয়ই ঝুঁকি নিয়ে বের হই। কিন্তু আমরা যখন একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাব, সেখানে শিক্ষার্থীদের যে বয়স তাদের অধিকাংশের ক্ষেত্রে হয়ত তারা যে আক্রান্ত হয়েছে তার বহিঃপ্রকাশ থাকবে না। কিন্তু তারা তাদের পরিবারে বয়স্ক বা অসুস্থ যারা আছেন তাদের আরও বেশি ঝুঁকির মধ্যে ফেলবে। আমরা কিন্তু তাদের বিরাট একটা ঝুঁকির মধ্যে ফেলে দেব।
তিনি বলেন, এই কোটি কোটি শিক্ষার্থী, কোটি কোটি পরিবার, তাদেরকে নিশ্চয়ই আমরা এই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলতে পারি না। সেজন্য আমাদের শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে সেটি ভাবতে হবে। কিন্তু এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো কোনো অবস্থাই নেই। আমাদের অবস্থা পর্যবেক্ষণ করতে হবে, তারপরে বুঝব যে কবে খোলা যাবে।
বছরে ১৪০-১৪২ দিনের বেশি পাঠদান করানো যায় না জানিয়ে দীপু মনি বলেন, এত ধরনের ছুটি ও অনুষ্ঠানাদি থাকে। করোনার কারণে যে দিনগুলো হারিয়ে ফেলেছি তখন আমাদের বাকি ছুটিগুলো বাদ দিয়ে হলেও শিক্ষার্থীদেরকে শিক্ষা-গবেষণায় ঠিক জায়গায় রাখতে পারি, সেটি আগামী শিক্ষাবর্ষে চেষ্টা করব।
ইরাব সভাপতি মুসতাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমিরিটাস অধ্যাপক মনজুর হোসেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক ফারহানা খানম, ইরাবের সাধারণ সম্পাদক নিজামুল হক প্রমুখ বক্তব্য দেন।
উল্লেখ্য, করোনার প্রকোপ বাড়তে থাকায় গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে। ৬ আগস্টের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই থাকবে বলে আগেই ধারণা দিয়েছিলেন কর্মকর্তারা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
