মোঃ মাহমুদুল হাসান (মুক্তা)।।
নাটোর জেলার হাওড়া ও নিম্নাঞ্চল অধ্যুষিত হালতিবিল পরিবেষ্টিত নলডাঙ্গা উপজেলার বারনই নদীর উত্তর তীর ঘেঁষে স্বাধীনতার পর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য এলাকার কিছু শিক্ষানুরাগী সমাজসেবী মানুষ পশ্চিম সোনাপাতিল গ্রামে গড়ে তুলেছিল সোনাপাতিল দাখিল মাদ্রাসা।
দীর্ঘ প্রায় ৪৩ বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানটির বেতন না থাকায় হতাশ হয়ে পড়েছেন কর্মরত শিক্ষক-কর্মচারীরা। ওই প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো চাকরির সব নিয়ম কানুন মেনে চলেন তার। সময় মতো আগমন-প্রস্থান, আর নিজেদের ওপর অর্পিত দায়িত্বও পালন করেন নিষ্ঠার সাথে। কিন্তু পাইনা বেতন। আমাদের প্রতি কেন এই অবিচার ? প্রতিষ্ঠার ৪৩ বছর পেরোলেও এমপিওভুক্ত না হওয়ায় বেতন জোটেনি কর্মরত এসব শিক্ষক-কর্মচারীদের কপালে। এমনকি এর আগেও এই শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষক-কর্মচারী বেতন ভাতাদি পাননি।
এই শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষক-কর্মচারী চাকরি শেষে খালি হাতে অবসরে গেছেন। আবার নতুন জনবল নিয়োগ হয়েছে। একদিন এমপিওভুক্ত হবে এই আশায় বারবারই এসব নতুন শিক্ষক-কর্মচারী যোগদান করে দায়িত্বপালন করেছেন। কিন্তু সে বেতন আর হয়নি। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটিতে ১৮ জন শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন। তারা বেতন ভাতাদী না পেয়ে পরিবার-পরিজন নিয়ে অসহায় ও মানবেতর জীবন যাপন করছেন।
শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সোনাপাতিল দাখিল মাদরাসা ৪৩ বছর পূর্বে ১৯৭৮ সালের প্রথম দিকে স্থাপিত হয়েছে। প্রথমে এটি এবতেদায়ী মাদরাসা হিসেবে এবং পরে দাখিল মাদরাসায় উন্নীত হয়। শর্তপূরণের অংশ হিসেবে প্রতিষ্ঠানের নামে জমি বরাদ্দ, খাজনা খারিজ, অবকাঠামো নির্মাণ, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ছাত্র-ছাত্রী ভর্তি, আসবাবপত্র ও নিয়মিত পাঠদান প্রক্রিয়া চালু থাকলেও বিনা পারিশ্রমিকে শ্রম দিতে হচ্ছে এসকল শিক্ষক-কর্মচারীদের বছরের পর বছর।
মাদরাসার সুপারিনটেনডেন্ট মোঃ সেলিম রেজা বলেন, প্রায় চার যুগ পূর্বে স্থাপিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে অনেক শিক্ষক বিনা বেতনে অবসরে গেছেন। বেতন ছাড়া চাকরি বেতন ছাড়া অবসর যে কি যন্ত্রনাদায়ক যে সকল শিক্ষক অবসরে গেছেন কেবল তারাই জানে। কোন শিক্ষক-কর্মচারীই এ পর্যন্ত কোন প্রকার বেতন-ভাতাদী পাননি। দীর্ঘদিন ধরে এমপিও ভুক্ত না হওয়ায় সকল শিক্ষক-কর্মচারিরাই হতাশ হয়ে পড়েছেন। তবু কি করার একদিন বেতন হবে এই আশায় সবাই তাদের পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
