এইমাত্র পাওয়া

রাজধানীজুড়ে শুধু ‘টু-লেট’

নিউজ ডেস্ক।।

রাজধানীজুড়ে এখন শুধু ‘টু-লেট’-এর ছড়াছড়ি। কেন এমন, তা সবারই আঁচ করার কথা। সাড়ে চার মাস হলো করোনা হানা দিয়েছে দেশে। এর মধ্যেই কাজ হারিয়েছেন কিংবা কর্মহীন হয়ে পড়েছেন অগণিত মানুষ। আয় কমেছে বহু লোকের। যার ফলে খাবারের চাহিদা মিটিয়ে বাসা ভাড়া পরিশোধ করা এদের জন্য বেশ কঠিন হয়ে পড়েছে। বাসা ভাড়া দিতে না পেরে অনেকেই ছেড়ে গেছেন ঢাকা। কেউবা অপেক্ষাকৃত ছোট বাসায় উঠেছেন বড় বাসা ছেড়ে। আবার কেউবা শহরের উপকণ্ঠে কম টাকার ভাড়ার বাসায় আশ্রয় গড়েছেন। মার্চের শেষ দিকে সরকারি ছুটির পর, সেই যে ঢাকা থেকে গ্রামে গেছেন, এখনো ফেরেননি এমন সংখ্যাও আছে অনেক।

করোনাভাইরাসের প্রভাবে শিল্প, ব্যবসা-বাণিজ্য, নির্মাণসহ সব খাত স্থবির হয়ে পড়ায় গত কয়েক মাসে কর্মহীন হয়ে পড়েছেন রাজধানীর লাখ লাখ মানুষ। কাজ হারিয়েছেন গৃহশ্রমিক, পোশাকশ্রমিক, নির্মাণশ্রমিক, হোটেলশ্রমিক থেকে শুরু করে সব খাতের শ্রমজীবীরা।

সরকারি-বেসরকারি সহায়তায় কিছু নিম্নবিত্ত পরিবারের খাদ্যের সংস্থান হলেও দিতে পারছেন না ঘরভাড়া। ফলে গত কয়েক মাসে অসংখ্য পরিবার রাজধানী ছেড়ে পাড়ি দিয়েছে গ্রামে। কয়েক মাসের ঘরভাড়া বকেয়া পড়ায় অনেকে মালপত্র রেখেই চলে গেছেন।

মধ্যবিত্ত কিংবা নিম্নি মধ্যবিত্তরা অর্থসঙ্কটে পড়েছেন। ভালো চাকরি করলেও কোনো কোনো অফিস বেতন কমিয়ে দিয়েছে কিংবা লোক কমানোর তালিকায় নাম উঠে যাওয়ায় এখন চোখে সরষে ফুল দেখছেন।

এমনই একজন আরিফুল হক। গুলশানে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি। গত মাসে তার প্রতিষ্ঠান পাওনা চুকিয়ে দিয়ে ১৫ ভাগ জনবল কমিয়েছে। আরিফুল হক বলেন, ‘পরিবার নিয়ে এখন মহাসঙ্কটে পড়েছি। করোনার এই সময়ে চাকরি পাওয়া কঠিন। কী যে করব বুঝতে পারছি না।’

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অর্থাভাবে মানুষ বাসা ছেড়ে দিচ্ছেন। এমন পরিস্থিতিতে ভাড়া কমিয়ে হলেও ভাড়াটিয়া রাখার চেষ্টা করছেন অনেক বাড়িওয়ালা। কিন্তু কাজ না থাকায় সেই সামর্থ্যও নেই অনেকের।

শাহজাদপুরে এশিয়ান হোমস সিটি ব্যাংকের ভবনে বাসা ভাড়ার জন্য সম্প্রতি বিজ্ঞাপন দিয়েছেন এক বাড়িওয়ালা। তিনি জানান, ভাড়াটিয়া মালামাল রেখেই বাড়ি চলে গেছেন। আর আসবেন না বলে জানিয়েছেন। এখন ৩০ হাজার টাকার বাসা ১৮ হাজার টাকায়ও কেউ নিচ্ছে না।

রাজধানীর ভাটারা থানাধীন ছোলমাইদ এলাকায় একটি তিনতলা ভবনের নিচতলায় তিন বেডরুমের ‘ব্যাচেলর’ ফ্ল্যাটে সাড়ে চার হাজার টাকা দিয়ে থাকছেন মাত্র একজন। দুই মাস আগেও তাকে ভাড়া দিতে হতো পাঁচ হাজার টাকা। তখন অন্য দুই কক্ষে আরো দু’জন ছিল। কাজ না থাকায় ভাড়া কমিয়েও অপর দু’জনকে রাখতে পারেননি বাড়িওয়ালা। করোনা পরিস্থিতির আগে ফ্ল্যাটটি থেকে বাড়িওয়ালা পেতেন মাসে ১৫ হাজার টাকা। পুরো ফ্ল্যাটে একজন থাকলেও তাকে সেই ভাড়া পরিশোধ করতে হতো। ওই ভবনেরই তিনতলায় সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে পুরো ফ্ল্যাট নিয়ে থাকছেন আরেকজন।

এ দিকে গত দুই মাসে এই এলাকা থেকেই শতাধিক পরিবার ঘর ছেড়ে চলে গেছেন। অধিকাংশ বিল্ডিংয়ে ঝুলছে ‘টু-লেট’ লেখা সাইনবোর্ড। অনেকেই ভাড়া বকেয়া পড়ায় মালপত্র রেখে চলে গেছেন। ভাটারার ছোলমাইদ ও বসুমতি এলাকার টিনশেড ঘরগুলোতে বসবাস মূলত গৃহকর্মী, রিকশাচালক ও নির্মাণশ্রমিকদের। এর মধ্যে কিছু রিকশাচালক টিকে থাকলেও করোনার কারণে কাজ হারিয়েছেন অধিকাংশ গৃহকর্মী ও নির্মাণশ্রমিক। ওই এলাকার বাড়িওয়ালা হাজী বদরউদ্দিনের আটটি ভাড়াটিয়া পরিবার গত তিন মাসে ঘর ছেড়েছে।

বদরউদ্দিন জানান, বটগাইছ্যাবাড়ি এলাকায় তার টিনশেড ভাড়া ঘর থেকে করোনা পরিস্থিতির শুরুতেই তিনটি পরিবার ভাড়া না দিয়ে চলে গেছে। তাদের ঘরগুলোতে তেমন কোনো মালামালও ছিল না। এ ছাড়া বালুর মাঠ এলাকায় তার টিনশেড ভাড়াঘর থেকে আরো চার ভাড়াটিয়া ঘরে তালা দিয়ে চলে গিয়েছিল। গত মাসে তাদের দু’জন এসে অনুনয়-বিনয় করায় ৩-৪ হাজার টাকা মওকুফ করে ছেড়ে দেন। এ ছাড়া দুই মাস আগে তার আরেকটি ফ্ল্যাট বাসা ভাড়া নেন এক নারী। দু-একদিনের মধ্যে অগ্রিম টাকা দেবেন জানিয়ে ঘরে কিছু মালপত্র রেখে তালা দিয়ে চলে যান। এখন পর্যন্ত ফেরেননি। ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না।

কুড়িলের কুড়াতলি এলাকায় একটি কক্ষ সাড়ে তিন হাজার টাকায় ভাড়া নিয়ে থাকতেন চারজন। একজন ফুটপাথে কাপড় বিক্রি করেন। দু’জন রাজমিস্ত্রির সহকারী (নির্মাণশ্রমিক)। মাসুম নামের অপরজন একটি সুপারশপের কর্মচারী। কাজ না থাকায় এপ্রিলের শুরুতে জামালপুরে গ্রামের বাড়ি চলে যান নির্মাণশ্রমিক দু’জন। তাদের দুই মাসের ভাড়া বকেয়া পড়ায় বাড়িওয়ালা অপর দু’জনকে চাপ দেন। ফোন করলে নির্মাণশ্রমিক দুজনই টাকা পাঠাতে অপারগতা জানান। সেই সাথে বাসা ছেড়ে দেয়ার কথা বলে দেন। বাধ্য হয়ে অপর দু’জন কিছু টাকা জোগাড় করে বাড়িওয়ালাকে শান্ত করেন।

গত মে মাসের মাঝামাঝি আকস্মিক সুপারশপের চাকরিটি হারান মাসুম। এরপর থেকে দ্বারে দ্বারে ঘুরছেন কাজের আশায়। আজ পর্যন্ত কোনো কাজ মেলেনি। মাসুম বলেন, এখন যে ঘরভাড়া পরিশোধ করে বাড়ি চলে যাবো সেই টাকাই নেই। কী খাব, কী করব?

এ দিকে পশ্চিম রাজাবাজার এলাকায় গিয়ে দেখা যায় অধিকাংশ ছাত্র মেসগুলোয় ‘সিট/রুম ভাড়া হবে’ লেখা সাইনবোর্ড ঝুলছে। বাড়িগুলোর কেয়ারটেকারদের সাথে কথা বলে জানা যায়, স্কুল-কলেজ বন্ধের পরই শিক্ষার্থীরা চলে গেছেন। দেড়-দুই মাস পরে অনেকে ফোন করে বাসা ছেড়ে দেয়ার কথা জানিয়ে দিয়েছেন। বকেয়া ভাড়াও পাঠাচ্ছেন না। অনেক মেস পুরোপুরি খালি হয়ে গেছে। এই পরিস্থিতিতে অনেক ভবনের কেয়ারটেকারের বেতনও আটকে আছে। এমনকি চাকরি না থাকার শঙ্কাও কাজ করছে তাদের মধ্যে।

এ দিকে সন্তানের স্কুলসহ নানা বিষয়ে রাজধানীর সাথে জড়িয়ে যাওয়া মধ্যবিত্ত শ্রেণী শেষ সম্বল খরচ করে টিকে থাকার জন্য সংগ্রাম করছেন। অনেকেই ভাড়া কমাতে ফ্ল্যাট বাসা ছেড়ে উঠছেন শহর থেকে দূরে টিনশেড ঘরে। বড় ফ্ল্যাট ছেড়ে উঠছেন ছোট ফ্ল্যাটে। করোনা সঙ্কটের কালো মেঘ কবে কাটবে, সেই আশায় এখন দিন গুনছেন তারা।সুত্র নয়াদিগন্ত


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading