এইমাত্র পাওয়া

বৃষ্টি আরও কয়েকদিন, রয়েছে ভূমিধসের শঙ্কাও

নিজস্ব প্রতিবেদক :

সাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা ও মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল বুধবার (১৭ জুন) থেকে সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবারও (১৮ জুন) বৃষ্টিপাতের পরিস্থিতি একই রকম থাকতে পারে। এই বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী রোববার (২১ জুন) পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতিবার ছাড়াও আর ৩ দিন থাকতে পারে।

তাছাড়া উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে থাকায় দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে আবহাওয়া অধিদফতর থেকে এসব তথ্য জানা যায়।

এ বিষয়ে আবহাওয়াবিদ আরিফ হোসেন জাগো নিউজকে বলেন, ‘ভারী থেকে অতি ভারী বৃষ্টি ২১ জুন পর্যন্ত থাকতে পারে। তারপর বৃষ্টি একেবারে শূন্য হয়ে যাবে না। বৃষ্টি একটু কম থাকতে পারে ২২, ২৩ ও ২৪ জুন। ২৫ জুন থেকে আবার বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে।’

এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা আছে, মৌসুমী বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

এই সময়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

অন্যান্য অঞ্চলের মতো ঢাকাতেও বৃষ্টিপাত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ২৪ মিলিমিটার। এ দিকে আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading