নিজস্ব প্রতিবেদক||
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হলে আবারও ‘সাধারণ ছুটি’ ঘোষণার চিন্তাভাবনা করবে সরকার। এজন্য আগামী ১৫ জুন পর্যন্ত সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে।
পাশাপাশি সাধারণ ছুটিতে অথবা ছুটি না থাকলে স্বাস্থ্য ও অর্থনীতি খাতের সার্বিক লাভ-ক্ষতির যাবতীয় তথ্য-উপাত্তও চুলচেরা বিশ্লেষণ করছেন সরকারের সংশ্লিষ্টরা।
এদিকে দেশে করোনা মহামারী ভয়াবহভাবে বেড়ে যাওয়ায় পুরো দেশকে পূর্ণাঙ্গ লকডাউন করার দাবি জানিয়েছেন ৩৩৪ জন বিশিষ্ট ব্যক্তি।
এ প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বুধবার বলেন, ‘আমরা যদি দেখি আমাদের ব্যাপক অবনতি ঘটছে তাহলে তো আমাদের (ছুটিতে যাওয়া ছাড়া) বিকল্প কিছু থাকবে না। আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে নেয়ার জন্যই এটা খুলে দেয়া হয়েছে। মানুষ যাতে মাস্ক পরে নিরাপদ দূরত্বে থাকে, আমরা সেটা বলছি। যখন মানুষ এটা করতে ব্যর্থ হবে এবং এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। তখন তো ঘরে থাকা ছাড়া উপায় থাকবে না।’
এদিকে সাধারণ ছুটি বাড়ানো বা প্রয়োজনে কারফিউ দেয়ার পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি প্রফেসর ডা. এবিএম আবদুল্লাহ। তিনি বলেন, ‘দিন দিন করোনা পরিস্থিতি অবনতির দিকেই যাচ্ছে। কোনোখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। লঞ্চ, বাস, মার্কেটগুলোতে গেলে মনেই হয় না দেশে এ ধরনের একটি মহামারী আছে। ছুটি তুলে নেয়ার পর রাস্তাঘাটে একজন আরেকজনের ওপর এসে পড়ছে। পরিবহন ও বাজারে গেলে মানুষ গায়ের ওপর গা দিয়ে বাজার করছে। ফলে করোনাভাইরাসের সংক্রমণ আরও বাড়ছেই। আল্লাহ না করুন- করোনা পরিস্থিতির আরও অবনতি হলে সরকারকে সাধারণ ছুটির বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। প্রয়োজনে লকডাউন বা কারফিউ দেয়া যেতে পারে। শুধু লকডাউন দিলেই হবে না, তা জনগণকে মানাতে প্রয়োজনে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করতে হবে। মোট কথা লকডাউন বা কারফিউ কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা সরকারকে করতে হবে।’
২৬ এপ্রিল থেকে শুরু হওয়া ৬৬ দিনের ছুটি শেষে ৩১ মে থেকে সীমিত আকারে স্বাভাবিক কার্যক্রম চালু করা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে বন্ধ থাকা গণপরিবহনও (বাস, লঞ্চ, ট্রেন) চালু হয়। তবে কমেনি করোনাভাইরাস সংক্রমণের হার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
