এইমাত্র পাওয়া

এই ঈদ যেন শেষ ঈদ না হয়: আইজিপি

নিজস্ব প্রতিনিধি।।

করোনাভাইরাসের কারণে চলমান দুর্যোগে জনগণের দায়িত্বজ্ঞানহীন আচরণ করা চলবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘বেঁচে থাকলে অনেক ঈদে পরিবারের সঙ্গে শামিল হতে পারব। দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে এই ঈদ যেন আমাদের জীবনের শেষ ঈদ না হয়।’

মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। করোনা ও ঈদুল ফিতরকে সামনে রেখে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

করোনার মধ্যেও মানুষের বাড়ি ফেরার ভিড়ের বিষয়টি তুলে ধরে পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘আমি বাড়ি যাব, অন্যরা ঢাকায় থাকবে এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। মৃত্যুর মিছিলে আপনি হবেন একটি মাত্রা সংখ্যা। কিন্তু আপনার পরিবারের কাছে আপনি একটি পৃথিবী। তাই দায়িত্বহীন আচরণ করা চলবে না। দয়া করে যে যেখানে আছেন, সেখানেই অবস্থান করেন।’

বেনজীর আহমেদ বলেন, ‘আমরা এক ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছি। করোনার বিরুদ্ধে যুদ্ধে আমাদের সবাইকে সমানভাবে অংশ নিতে হবে। সরকারের নির্দেশ মেনে চলতে হবে। তাড়াহুড়ো করে ঈদের ছুটিতে কেউ ঢাকা ছাড়বেন না।’ কিছু মানুষ পায়ে হেঁটে বিকল্প পথে ঢাকা ছাড়ছেন বলেও জানান তিনি।

ঈদুল ফিতরের ধর্মীয় আনুষ্ঠানিকতার বিষয়ে বেনজীর আহমেদ বলেন, ‘মসজিদে নামাজের ব্যবস্থা করা হবে। সবাই মসজিদে ঈদের নামাজ পড়ে দ্রুত বাসায় ফিরে যাবেন। আনন্দ-ফূর্তি করার জন্য ঘর থেকে বের হবেন না। আমরা যদি ঈদুল আজহার আগে করোনা থেকে মুক্তি হতে পারি তাহলে আগামী ঈদ উদযাপন করব।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.