এইমাত্র পাওয়া

খুলনায় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনলাইন ক্লাস চালু

সজল আহমেদ।।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগকালে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি পুষিয়ে নিতে খুলনা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনলাইন ক্লাস চালু হলো। ফেসবুক এবং ইউটিউবে ভিডিও কনন্টেন্ট সমৃদ্ধ অনলাইনে সেবাটি আজ দুপুরে খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার উদ্বোধন করেন।

খুলনার জেলা প্রশাসক মো. হেলাল হোসেন জানান, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল প্রাইমারি এডুকেশন খুলনা এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সেকেন্ডারি এডুকেশন খুলনা নামে দুটি ইউটিউব চ্যানেল চালু করা হয়েছে এবং একই নামে দুটি ফেসবুক পেজও খোলা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন তথ্য প্রযুক্তি খাতকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জন্য ভিডিও কনন্টেন্টে ক্লাসগুলো ধারণ করে ইউটিউব এবং ফেসবুকে প্রচারের ব্যবস্থা করেছে। সেবা দু’টির লিংক ঠিকানা ঃ ‘ডিজিটাল প্রাইমারী এডুকেশনখুলনা’www.facebook.comdigital.pedu.khl ও www.youtube.com/channel/UCj2HndGchQdg6B-3lcRL5CA এবং ‘ডিজিটাল সেকেন্ডারী এডুকেশন খুলনা’-এর www.youtube.com/channel/UCVKKwY8NME3v0VT3R6NC9zA

খুলনার অভিজ্ঞ শিক্ষকরা প্রতিটি ক্লাস ২০ মিনিটের উপযোগী করে তৈরি করেছেন। সপ্তাহের শুরুতে ক্লাসের একটি রুটিন প্রকাশ করা হবে, যার মাধ্যমে শিক্ষার্থীরা কোন দিন, কখন, কোন ক্লাস হবে তা জানতে পারবে। প্রাথমিক পর্যায়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি এবং মাধ্যমিক পর্যায়ের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও কনটেন্ট সরবরাহ করা হবে। প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড অব্যাহত থাকবে। যার ফলে করোনাকাল অতিক্রান্ত হওয়ার পরও শিক্ষার্থীরা এর সুবিধাটি পাবে।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনার উপপরিচালক নিভা রাণী পাঠক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নেছা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহাবুব আলমসহ শিক্ষকরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.