নিউজ ডেস্ক।।
ভিডিও কনফারেন্সিং ও অন্যান্য তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচার কাজ পরিচালনার বিধান রেখে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০ জারি করেছে সরকার। ৯ মে, শনিবার এই অধ্যাদেশ জারি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়।
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আজ থেকে অধ্যাদেশটি কার্যকর হবে। অধ্যাদেশ অনুসারে, প্রয়োজনবোধে যেকোনো সময় ডিজিটাল পদ্ধতিতে মামলার শুনানি ও নিষ্পত্তি করতে অডিও ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনা করা যাবে।
চলমান করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে গত ২৬ মার্চ থেকে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগসহ দেশের সব আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ রয়েছে। চলমান বন্ধের সময় ভার্চুয়াল আদালত পরিচালনার অনুমতি দেয়ার জন্য একাধিক আইনজীবী প্রধান বিচারপতিকে অনুরোধ করেছিলেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকদের নিয়ে সম্প্রতি একটি বৈঠক করেন। বৈঠকে একটি অধ্যাদেশ জারির জন্য সরকারকে অনুরোধ করার সিদ্ধান্ত হয়। যেন ভার্চুয়াল আদালত পরিচালনার মাধ্যমে মামলার শুনানি ও নিষ্পত্তি করা যায়।
এরপর, গত বৃহস্পতিবার আদালতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল উপায়ে আদালত পরিচালনার বিষয়ে মন্ত্রিসভা একটি অধ্যাদেশ অনুমোদন করে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
