এইমাত্র পাওয়া

নিখোঁজ সাংবাদিক কাজল বেনাপোলে উদ্ধার

নিখোঁজ ফটোসাংবাদিক ও দৈনিক পক্ষকাল সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে বেনাপোল থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল ২ মে, শনিবার রাতে তাকে উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল পোর্ট থাকার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান। তিনি বলেন, ‘কাজল সাহেবকে পাওয়া গেছে। উনি বিজিবির কাছে আছে।’

তবে তাকে এখনো পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি উল্লেখ করলেও কীভাবে তাকে পাওয়া গেল এ বিষয়ে কিছু জানাতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।

এদিকে বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে প্রবেশের সময় সাংবাদিক কাজলকে আটক করা হয় বলে জানান বিজিবির রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার আশেক আলী। তিনি বলেন, ‘বর্তমানে তিনি আমাদের হেফাজতে আছেন। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

এ বিষয়ে কাজলের স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন বলেন, ‘ফোনে কাজলের সঙ্গে কথা হয়েছে। বেনাপোল থেকে তাকে উদ্ধার করা হয়েছে।’ এই খবর পেয়ে স্বজনরা রাতেই বেনাপোলের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বলেও জানান তিনি।

গত ১০ মার্চ সন্ধ্যয় নিজের পত্রিকা অফিস থেকে বের হওয়ার পর শফিকুল ইসলাম কাজলের কোনো সন্ধান মিলছিল না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন।

এর মাসখানেক পর তার ফোন নাম্বারটি বেনাপোলে সক্রিয় হয়েছিল বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছিলেন।

গত ৯ মার্চ শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মাগুরা-১ আসনে সরকার দলীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর। ওই মামলার তিন নম্বর আসামি শফিকুল ইসলাম কাজল।

সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের সন্ধান না পেয়ে ১৩ মার্চ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শফিকুল ইসলাম কাজলকে সুস্থ অবস্থায় ফেরত দেওয়ার দাবি জানায় পরিবার। এরপর ১৮ মার্চ তার সন্ধান দেয়ার দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিও পালিত হয়। সেদিন রাতেই কাজলকে অপহরণের অভিযোগে এনে চকবাজার থানায় মামলা করেন তার ছেলে মনোরম পলক।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.