প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের বকেয়াসহ তিন মাসের উপবৃত্তির টাকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই উপবৃত্তির বকেয়া টাকাসহ তিন মাসের টাকা পাবে এক কোটি ৪০ লাখ শিক্ষার্থী। যদিও গত ডিসেম্বর মাসে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় এ অর্থ প্রাপ্তিতে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এরই মধ্যে গত মঙ্গলবার প্রায় ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে প্রাথমিক উপবৃত্তি (তৃতীয় পর্যায়) প্রকল্পটির সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে পরিকল্পনা কমিশন।
সংশ্লিøষ্ট সূত্র জানায়, করোনাভাইরাস পরিস্থিতির কারণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক বন্ধ থাকায় যেকোনো সময় বিশেষ অনুমোদন দেবেন প্রধানমন্ত্রী। শিওরক্যাশের মাধ্যমে এ টাকা বিতরণ করা হবে। এ দিকে পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য আবুল কালাম আজাদ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশে অতি দ্রুত প্রকল্পটির প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
করোনা পরিস্থিতিতে এ অর্থ পেলে শিক্ষার্থীদের উপকার হবে বিবেচনায় এমন নির্দেশ এসেছে। লকডাউনের কারণে অফিস বন্ধ থাকলেও জরুরি প্রয়োজনে ডিজিটাল প্রযুক্তির সুবিধা নিয়ে কাজ করা হয়েছে। তা ছাড়া প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অফিসে ডেকে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করা হয়।
সূত্র জানায়, প্রকল্পটির সংশোধনী প্রস্তাব অনুমোদন পেলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত উপবৃত্তির টাকা পাঠিয়ে দেয়া হবে। এ ক্ষেত্রে এবার টাকার পরিমাণ বেড়ে সব শ্রেণীতেই যে পরিবারে একটি শিশু স্কুলে পড়ে সে পাবে মাসিক দেড় শ’ টাকা হারে তিন মাসে ৪৫০ টাকা। এ ছাড়া যে পরিবারে দু’টি শিশু স্কুলে পড়ে তারা পাবে ৩০০ টাকা করে ৯০০ টাকা। যে পরিবারের তিনটি শিশু স্কুলে পড়ে তারা পাবে ১২ শ’ টাকা ও এক পরিবারের চারটি শিশু স্কুলে পড়লে তারা পাবে ১৫ শ’ টাকা করে। প্রকল্পটির এ পর্যায় শেষে আর প্রকল্প আকারে থাকবে না। তখন এটি পুরোপুরি রাজস্ব খাতে স্থানান্তরিত হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
