এমপিওভুক্তির সুখবর পেল ১৬৩৩ স্কুল-কলেজ

নিউজ ডেস্কঃ

করোনাভাইরাস সংকটের মধ্যেই নতুনভাবে ১ হাজার ৬৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। পাঁচ স্তরে এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির কোড যুক্ত করে তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চূড়ান্ত অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকার মধ্যে নিম্ন-মাধ্যমিক পর্যায়ের ৪৩০টি, উচ্চ মাধ্যমিক (কলেজ) পর্যায়ের ৯২টি, মাধ্যমিক পর্যায়ের ৯৯১টি, স্নাতক (পাস) পর্যায়ের ৫২টি এবং উচ্চ মাধ্যমিক (স্কুল অ্যান্ড কলেজ) পর্যায়ের ৬৮টি প্রতিষ্ঠানকে কোড দিয়ে আলাদা আদেশ জারি করা হয়েছে।

বুধবার মাউশিতে পাঠানো তালিকায় বলা হয়, বাছাইকৃত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নতুন এমপিওভুক্ত করার ব্যবস্থার ক্ষেত্রে এমপিও নীতিমালা ২০১৮, বিভিন্ন নিয়োগবিধি, সার্কুলার, পরিপত্র ইত্যাদি অনুসরণ করতে হবে। শিক্ষক কর্মচারীরা ২০১৯ সালের ১ জুলাই থেকেই বেতন-ভাতা প্রাপ্য হবেন বলে আদেশে বলা হয়।

বুধবার সন্ধ্যায় এ খবর ছড়িয়ে পড়লে নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কয়েক হাজার শিক্ষক-কর্মচারীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেকে ফেসবুকে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সরকারকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৩ অক্টোবর গণভবনে সারাদেশের দুই হাজার ৭৩০টি প্রতিষ্ঠানের এমপিওভুক্তির তালিকা প্রকাশ করেন। সাড়ে ৯ বছর পর নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওওভুক্তি ঘোষণা করা হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে আরও ৭টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়। প্রধানমন্ত্রীর ঘোষণা করা সেসব প্রতিষ্ঠানের সার্বিক তথ্য যাচাই বাছাই করে বুধবার এমপিওভুক্তির চূড়ান্ত প্রজ্ঞাপণ জারি কার হলো।

জানা গেছে, মাদ্রাসা ও কারিগরি বিভাগের অন্তর্ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা বুধবার পর্যন্ত চূড়ান্ত হয়নি। শিগগিরই তা চূড়ান্ত করতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.