অবশেষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে করোনা পরীক্ষার ল্যাব হচ্ছে

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

বিশ্বব্যাপী ভয়ংকর করোনা ভাইরাসের মহামারির কারণে বিশ্ব যখন তা মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে তখন বাংলাদেশে এর আক্রমন দিন দিন বেড়েই চলেছে। এমতাবস্থায় প্রথমে নারায়ণগঞ্জ জেলাকে দেশে করোনা বিস্তারের আশ্রয়কেন্দ্র , হটস্পট ইত্যাদি এবং সবশেষে পুরো বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু এখনও নারায়ণগঞ্জে করোনা টেস্ট এর ল্যাব স্থাপনের কোনো ব্যবস্থা করা হয় নি বলে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীকে জানান ডাঃ সঞ্জয়।

তার কথা শুনে নারায়ণগঞ্জে এতো বেশি করোনা রোগী সংক্রমিত হওয়ার পরও সেখানে কোন ল্যাব কিংবা রিসার্চ সেন্টার নেই জেনে বিস্ময় প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অবিলম্বে নারায়ণগঞ্জে করোনা পরীক্ষার মাধ্যমে শনাক্তের জন্য পিসিআর ল্যাব স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন।

যতক্ষন সেটি না করা যায় ততক্ষণ আলাদা একটি টিম গঠন করে দিয়ে ঢাকায় নারায়ণগঞ্জ থেকে আসা ব্যক্তিদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে দিতে বলেন তিনি। যেহেতু নারায়ণঞ্জে সংক্রমনের পরিমানটি বেশি।

করোনার হটস্পট নারায়ণগঞ্জে নতুন করে ৩৪ জন সহ মোট আক্রান্ত হয়েছেন ২৮৯ জন। ক্রমশই বাড়ছে মৃত্য ও আক্রান্তের সংখ্যা। এছাড়া এই পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে মোট মারা গেছেন ১৯ জন। এই পর্যন্ত ৬৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইইডিসিআর।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ সঞ্জয় এর দাবীর প্রেক্ষিতে ল্যাব স্থাপনের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।

এদিকে রূপগঞ্জের ঢাকা-সিলেট হাইওয়ের দক্ষিণ রূপসিতে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করার অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইতোমধ্যে করোনা টেস্টের মেশিনসহ যাবতীয় সরঞ্জামও আনা হয়েছে। ল্যাব স্থাপনের কাজ ৪/৫ দিনের মধ্যেই যাবতীয় কাজ সম্পন্ন হবে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ বিষয়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার ব্যক্তি অর্থায়নে ইতোমধ্যেই করোনা পরীক্ষার মেশিন পিসিআর ক্রয় করা হয়েছে। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রনালয়ের মহাপরিচালকও অবগত আছেন এবং এ ব্যাপারে উৎসাহিত করেছেন।

ইউএস বাংলা হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় রূপগঞ্জের কাঞ্চন সেতু সংলগ্ন বেস্টওয়ে আবাসন প্রকল্পের নির্জন স্থানে এই ল্যাব স্থাপনের কাজ চলছে এবং আগামী চার পাঁচ দিনের মধ্যেই যাবতীয় কাজ সম্পন্ন হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.