নিউজ ডেস্ক ।।
প্রাণঘাতী করোনাভাইরাসের মহারারি ঠেকাতে সারাদেশে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৪ মার্চ, মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সেনাবাহিনী সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করবে। বিদেশ ফেরত ব্যক্তিদের অবস্থান নির্ণয় ও তাদের নিজ অবস্থানে কোয়ারেন্টাইন নিশ্চিত করাই হবে সেনাবাহিনীর মূল লক্ষ্য।
২৩ মার্চ, সোমবার রাতে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে করোনাভাইরাসের সংক্রমণরোধে সেনাবাহিনীর গৃহীত কার্যক্রমের বর্ণনা দেয়া হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবারই নির্ধারিত ব্রিগেড কমান্ডারেরা বিভাগীয় কমিশনারদের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধন করবেন। পরদিন দায়িত্বপ্রাপ্ত ইউনিট অধিনায়কেরা জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও সিভিল সার্জনদের সঙ্গে সমন্বয় সাধন করবেন এবং সেনা মেডিকেল অফিসার সমন্বয় দলের সঙ্গে যাবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সেনাবাহিনীর পাঠানো সমন্বয় দলগুলো বিদেশ থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিন কর্মসূচি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের সমন্বয়ে একটি কার্যকর পরিকল্পনা নেবে। সেই পরিকল্পনা নেয়ার সময় বেশ কয়েকটি বিষয় বিবেচনায় নেয়া হতে পারে।
এসব কাজের মধ্যে রয়েছে :
১. জেলার করোনা পরিস্থিতির ওপর জেলা প্রশাসনের প্রস্তুতি মূল্যায়ন এবং এ অবস্থার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর প্রয়োজন ও ক্ষেত্রগুলো চিহ্নিত করা।
২. জেলা প্রশাসনে রাখা গত এক মাসে বিদেশ থেকে আসা ব্যক্তিদের পরিসংখ্যান ও বিস্তারিত তথ্য।
৩. জেলায় সেলফ কোয়ারেন্টিনের জন্য নির্বাচিত ব্যক্তিদের পরিসংখ্যান।
৪. সেলফ কোয়ারেন্টিন নিশ্চিত করতে জেলা প্রশাসনের নেওয়া পর্যবেক্ষণ পদ্ধতি।
৫. সেলফ কোয়ারেন্টিনের জন্য নির্বাচিত ব্যক্তিদের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন ব্যক্তিদের পরিসংখ্যান।
৬. কোয়ারেন্টিন কর্মসূচি নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার ক্ষেত্রগুলো।
এছাড়াও যেসব ব্যক্তি দায়িত্বে থাকবেন তাদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) সংখ্যা ঠিক করা।
এর আগে বিভাগীয় ও জেলা শহরগুলোতে সামাজিক দূরত্ব এবং সতর্কতামূলক ব্যবস্থার জন্য বেসরকারি প্রশাসনকে সহায়তা দিতে সেনাবাহিনী নিয়োজিত হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ২৩ মার্চ, সোমবার বিকেলে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
