নিজস্ব প্রতিনিধি।।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওপর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চাপ থাকলেও দুই মন্ত্রণালয়ই তাকিয়ে আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের দিকে। দুই মন্ত্রণালয়ই বলছে, তারা এখন পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় যেভাবে বলবে, সেভাবেই পদক্ষেপ নেওয়া হবে।
গতকাল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আন্তঃমন্ত্রণালয়ের এক জরুরি বৈঠকে বলেছেন, তারা জনসমাগম এড়ানোর কথা বলছেন। কিন্তু প্রতিষ্ঠান বন্ধ হবে কি না সেটা শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়। এরপরও শিক্ষা মন্ত্রণালয় আগের অবস্থানেই অনড় রয়েছে।
গতকাল বিকেলে বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘দেশে স্থানীয় পর্যায়ে কোনো সংক্রমণই নেই। বিদেশ থেকে সংক্রমণ বয়ে নিয়ে আসা হচ্ছে, যা বন্ধ করার চেষ্টা হচ্ছে। স্থানীয় পর্যায়ে সংক্রমণ ছড়িয়ে পড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পদক্ষেপ নেওয়া হবে। এখন পর্যন্ত তেমন পরিস্থিতি তৈরি হয়নি। তাই সবার কাছে বিনীত অনুরোধ করব, আতঙ্কিত হবেন না এবং আতঙ্ক ছড়াবেন না। সতর্ক থাকুন।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
